
টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের তিন গ্রামের ৯ যুবকের দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার বৈরী আবহাওয়া উপেক্ষা করে শত শত মানুষের উপস্থিতিতে চোখের পানি তাঁদের শেষ বিদায় জানান স্বজন ও এলাকাবাসী। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আজ সকাল সাড়ে ১০টার দিকে রাজেন্দ্রবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে রাজেন্দ্রবাটি গ্রামের ৬ যুবকের একসঙ্গে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর স্থানীয় সরকারি কবরস্থানে তাঁদের দাফন সম্পন্ন করা হয়। এর আগে গতকাল সোমবার রাত ১১টার দিকে অপর তিনজনের দাফন সম্পন্ন হয়।
নিহত ৯ তরুণের সবাই পেশায় ফেরিওয়ালা ছিলেন। জীবিকার তাগিদে তাঁরা দীর্ঘদিন ধরে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার উত্তর নাজিরপুর কলোনিতে একটি ভাড়া বাসায় থেকে ব্যবসা পরিচালনা করছিলেন।
পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তাঁরা চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি রডবোঝাই ট্রাকে চড়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু সোমবার ভোর সোয়া ৪টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। তাঁদের মধ্যে ৯ জনই নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা।
নওগাঁর যুবকেরা হলেন— রাজেন্দ্রবাটি গ্রামের তারেক জিয়া (২১), আব্দুল বারিক (২০), বাদশা মিয়া (৩০), সোহাগ হোসেন (২১), রবিউল ইসলাম (২৮) এবং সাগর হোসেন (২০); পাকুড়িয়া গ্রামের সহোদর দুই ভাই মাইনুর রহমান (২৫) ও গিয়াস উদ্দিন (২৩); মশিদপুর গ্রামের মইনুল ইসলাম (৩৫)।
আজ সকালে রাজেন্দ্রবাটি গ্রামে গিয়ে দেখা যায় এক হৃদয়বিদারক দৃশ্য। বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে নিহত যুবকদের শেষবারের মতো দেখতে ও জানাজায় শরিক হতে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষের ঢল নামে। স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ।
জানাজায় উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু এবং নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী এবং সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
দুর্ঘটনার শিকার পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন। মান্দা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিহত প্রত্যেকের পরিবারের জন্য নওগাঁ জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
দুর্ঘটনাস্থল টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষ থেকেও নিহতদের দাফন কাফনের খরচ বাবদ প্রত্যেক পরিবারকে আরও ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে