
নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরে রেলওয়ের সীমানাপ্রাচীর অনুমতি ছাড়াই একাধিক স্থানে ভেঙে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। প্রাচীর ভেঙে রেললাইনের ওপর দিয়েই রাস্তা নির্মাণের চেষ্টা চালায় অভিযুক্তরা। খবর পেয়ে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাধা দেন।
প্রাচীর ভেঙে ফেলার কারণে রেলস্টেশনের আশপাশের অংশ অরক্ষিত হয়ে পড়েছে। এতে ট্রেনের ইঞ্জিন ঘুরিয়ে দিক পরিবর্তনের সময় দুর্ঘটনার আশঙ্কা করছে রেলওয়ে কর্তৃপক্ষসহ স্থানীয়রা।
বুধবার (৮ এপ্রিল) মোহনগঞ্জ রেলওয়ের স্টেশনমাস্টার জহিরুল ইসলাম সীমানাপ্রাচীর ভাঙার বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ স্টেশন এই অঞ্চলে রেলওয়ের শেষ প্রান্ত। এই স্টেশনের পূর্ব পাশে রেলওয়ের বেশ কয়েক একর জায়গা রয়েছে। একসময় রেলওয়ের এসব জায়গা দখল করে দোকানপাটসহ কয়েক শ অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল। তবে ২০২১ সালে অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তৎকালীন সরকার। পরে বিপুল বরাদ্দে সীমানাপ্রাচীর তৈরি করে জায়গাটি সুরক্ষিত করা হয়। পাশাপাশি স্টেশনের উন্নয়ন ও নতুন আরেকটি প্ল্যাটফর্ম নির্মাণ করা হয়। এ ছাড়া যান চলাচলের সুবিধার্থে সীমানাপ্রাচীর ঘেঁষে থাকা আঞ্চলিক মহাসড়কটি প্রশস্ত করা হয়।
স্থানীয়রা জানান, রেলের সীমানাপ্রাচীরের ভেতর দিয়ে রাস্তা হলে দুই পাশে অসংখ্য দোকান তৈরি করে ভাড়া দিয়ে বিপুল টাকা আয় করার চেষ্টা চালাচ্ছে অভিযুক্ত ব্যক্তিরা। ধীরে ধীরে পরে পুরো জায়গাটাই দখলে নেওয়ার পরিকল্পনা তাদের। এর ফলে ভবিষ্যতে বিভিন্ন অবৈধ স্থাপনায় স্টেশনের সৌন্দর্য নষ্ট ও সম্পদ বেদখল হওয়ার আশঙ্কা করছে অনেকেই। পাশাপাশি রেললাইনের ওপর দিয়ে অনুমোদনহীন চলাচলে ট্রেনের যাত্রীসহ সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে পড়ার আশঙ্কা করছেন তাঁরা।
এদিকে অভিযোগের বিষয়ে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা দাবি করেছেন, নির্ধারিত ওই স্থানটিতে অতীতে একটি রাস্তা ছিল। বিগত স্বৈরাচার সরকার অপরিকল্পিতভাবে সেই রাস্তা বন্ধ করে দিয়েছে। এতে সড়কে যানজট সৃষ্টি হচ্ছে। মানুষের ভোগান্তি লাঘবে তাই তাঁরা আগের সড়কটি উন্মুক্ত করতে চান।

এ বিষয়ে মোহনগঞ্জ পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম (ভিপি) বলেন, ‘আমরা অবৈধভাবে কোনো কিছু করার পক্ষে নই। জনস্বার্থে এখান দিয়ে রাস্তা করার দরকার হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে করা হবে। আমাদের কিছু নেতা-কর্মী এসব করতে চেয়েছিল। তারা দেয়ালের ভাঙা অংশে সুরকিও ফেলেছিল। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনারকে (ভূমি) সঙ্গে নিয়ে গিয়ে এসব বন্ধ করে দিয়েছি। সঠিক প্রয়োজন তুলে ধরে সংসদ সদস্যের ডিও লেটার নিয়ে অনুমতি সাপেক্ষে রাস্তাটি উন্মোচনের চেষ্টা করা হবে।’
মোহনগঞ্জের স্টেশনমাস্টার জহিরুল ইসলাম বলেন, ‘অনুমতি ছাড়াই সপ্তাহখানেক আগে প্রথমে একাধিক স্থানে সীমানাপ্রাচীর ভেঙে ফেলা হয়। খবর পেয়ে আমরা বাধা দিই। গতকাল আবারও সুরকি ফেলে দখল শুরু করেছিল কিছু লোক। প্রশাসনকে জানানো হলে আজকে উপজেলা প্রশাসন গিয়ে তাদের বাধা দেয়। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
তিনি আরও বলেন, প্রস্তাবিত ওই রাস্তা যদি রেললাইনের ওপর দিয়ে যায়, তাহলে এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতির দরকার। কর্তৃপক্ষ অনুমোদন দিলে রেলওয়ের ওই ক্রসিংয়ে গেটম্যানের ব্যবস্থাও করবে। অন্যথায় ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় দুর্ঘটনা ঘটতে পারে।
বিষয়টি নিয়ে ময়মনসিংহ রেলওয়ের সিনিয়র সহকারী প্রকৌশলী নাজমুল হাসান বলেন, ‘অনুমতি ছাড়া এভাবে রেলওয়ের সীমানাপ্রাচীর ভেঙে ফেলা অবৈধ। রাস্তা করা হোক আর যা-ই করা হোক, এই বিষয়ে রেলওয়ের অনুমোদন লাগবে। খবর পেয়ে কয়েক দিন আগে আমরা প্রাচীর ভাঙা ও জায়গা দখলের কাজে বাধা দিয়েছি। শুনেছি আজ (৮ এপ্রিল) আবারও সুরকি ফেলে দখলের চেষ্টা করা হচ্ছে। বিষয়টি রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ১০৮তম সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী সব ধরনের রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও জাতীয়তাবাদী ফোরামের প্রোগ্রাম আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা প্রতিবাদ করলে বেরোবি প্রক্টর ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস রহমানের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়।
১ ঘণ্টা আগে
নাটোর রেলহেড ডিপোতে ৭ লাখ ২৫ হাজার ৫০০ লিটার ডিজেল এসেছে। প্রায় দেড় মাস পর ২১টি তেলবাহী ওয়াগনে চেপে এল এই বিপুল পরিমাণ জ্বালানি তেল। সেনাবাহিনীর পাহারায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এসব জ্বালানি সংশ্লিষ্ট ডিপোতে লোড করা হয়েছে। বিপুল এই সরবরাহ নাটোরসহ রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় চলমান ডিজেলের
২ ঘণ্টা আগে
রাজধানীর জুরাইন এলাকায় ওএমএস কর্মসূচির চাল ও আটা অবৈধভাবে মজুত এবং ভিন্ন মোড়কে বিক্রির চেষ্টার অভিযোগে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ চাল-আটাসহ একটি ট্রাক জব্দ ও জড়িত এক ব্যক্তিকে আটক করে...
২ ঘণ্টা আগে
নিজের ব্যবসাপ্রতিষ্ঠান ফেলে বেশি আয়ের জন্য দেড় বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন চাঁদপুরের ফরিদগঞ্জ বাজারের ব্যবসায়ী মো. সোহেল হোসেন (৩৫)। সেখানে গিয়ে শ্রমিক হিসেবে কর্মজীবন শুরু করলেও পরিবারের সচ্ছলতা ফেরাতে পারেননি। সড়ক দুর্ঘটনায় তাঁর জীবন থেমে গেছে। প্রবাসী মো. সোহেল হোসেন মঙ্গলবার (৭ এপ্রিল) সৌদি আরব
৩ ঘণ্টা আগে