
ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেটসংলগ্ন দেয়াল ও সীমানাপ্রাচীর থেকে জুলাই গণ-অভ্যুত্থানের গ্রাফিতি মুছে ফেলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে গ্রাফিতি মুছে দেয়ালগুলোতে নতুন করে রং করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের দেয়াল থেকে গ্রাফিতি মুছে ফেলার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট ও দোলনচাঁপা হলসংলগ্ন সীমানাপ্রাচীরের বিভিন্ন অংশে আঁকা জুলাই গণ-অভ্যুত্থানের গ্রাফিতির ওপর সাদা রং করা হচ্ছে। রঙের কাজ করা শ্রমিকেরা জানান, দেয়ালের পুরোনো গ্রাফিতিগুলো ঢেকে নতুন করে রং করার নির্দেশনা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশের মতো নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনের স্মৃতি ধরে রাখতে বিভিন্ন দেয়ালে গ্রাফিতি আঁকেন। এসব গ্রাফিতিতে ফ্যাসিবাদবিরোধী বার্তা, রাষ্ট্র সংস্কারের আহ্বান ও আন্দোলনে নিহত-আহত ব্যক্তিদের স্মৃতি তুলে ধরা হয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের শিক্ষার্থী মোমেন আহম্মেদ বলেন, ‘যা মুছে ফেলছেন, সে রঙের দাগগুলো শুধু রং নয়—এগুলো রক্তের স্মৃতি। যাদের রক্ত, তারা আজ স্বর্গগত। যারা লিখেছে, তারা যোদ্ধা। জীবনের নিরাপত্তা ও পরিবারের মায়া ত্যাগ করে ক্যাম্পাসে থেকে আন্দোলন করেছে। আপনারা আসলে তাদের ত্যাগ, সাহস ও সংগ্রামের এক একটি চিহ্ন মুছে ফেলছেন। আমি এই কাজের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে এসব স্মৃতিচিহ্ন মুছে ফেলা বন্ধের দাবি জানাই।’
আরেক শিক্ষার্থী মহসীন হক শাহ বলেন, জুলাই আন্দোলনের স্পিরিট প্রশাসন ধারণ করতে পারেনি বলেই আজ গ্রাফিতি মুছে ফেলা হচ্ছে। এটি ইতিহাস ও আন্দোলনের স্মৃতি মুছে ফেলার চেষ্টা।
বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক প্রকৌশলী মো. হাফিজুর রহমান বলেন, ‘জুলাই গ্রাফিতি মুছে ফেলার বিষয়ে আমি কিছু জানি না। ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে রং করার কাজ চলছে। কোনো নির্দিষ্ট জায়গা যদি গ্রাফিতির জন্য অনুমোদিত হয়ে থাকে, তাহলে সেটি চিহ্নিত করতে হবে।’ তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে সামনে রেখে সংশ্লিষ্ট সড়ক ও আশপাশের এলাকা পরিষ্কার ও রং করা হচ্ছে। কর্তৃপক্ষের নির্দেশনায় সংস্কারকাজ চলছে।
উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ২৩ মে ত্রিশাল সফরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এ সময় তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়সহ কবি নজরুলের স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করবেন বলে জানা গেছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে