
কারও হাতে খেলনা, কারও হাতে মুখরোচক কোনো খাবার। গ্রামজুড়ে সাজ সাজ রব। সবার মধ্যে উৎসবের আমেজ। কেউ প্রসাদ খেতে ব্যস্ত। শিশু থেকে বৃদ্ধ, হাজারো মানুষের পদচারণায় মুখরিত চারপাশ। মনের আশা পূরণের প্রত্যাশায় আয়োজন করা এই উৎসবকে স্থানীয়রা বলেন ‘সম্প্রীতির উৎসব’। বহু বছর ধরে চলে আসা এই উৎসব এখনো জমজমাট।
গতকাল মঙ্গলবার সকালে শুরু হয় এই উৎসব। চারটি ভাগে চার এলাকার সনাতন ধর্মাবলম্বী মানুষ চার দিন আয়োজন করেন এটি। এটি ছিল প্রথম আয়োজন। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের বাষ্টিয়া গ্রামের কালীবাড়ি বটতলায় এ উৎসব দেখতে আসেন জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে হাজারও মানুষ।
যে বটগাছকে কেন্দ্র করে এই উৎসব, সেই সুবিশাল বটগাছ কবে জন্মেছিল, কবে থেকে এই উৎসবের শুরু, তা নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে রয়েছে নানা মত। তবে আয়োজকদের দাবি, ৩০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে এই উৎসব। স্থানীয় প্রবীণদের মতে, প্রয়াত ভাষান সোম, উপেন্দ্র সরকার, কৃষ্ট সরকার, সুরেশ চন্দ্র গোস্বামী ও ননী গোপাল মৌলিক এই বটতলায় পূজা ও উৎসবের প্রচলন করেন। এরপর থেকে চলে আসছে এটি।
সরেজমিনে দেখা যায়, সম্প্রীতির উৎসবে এবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ঢল নেমেছে। স্থানীয় দুর্গাবাড়ি, বাষ্টিয়া, ভালকুটিয়া, জাবরা, বানিয়াজুরী, বালিয়াখোড়া গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় প্রাণবন্ত হয়ে উঠেছে এই উৎসব। বিশাল বটতলার আঙিনাজুড়ে নানা জিনিসের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।
উৎসবের অন্যতম পৃষ্ঠপোষক বানিয়াজুরী দুর্গাবাড়ি গ্রামের বাদল চন্দ্র সরকার বলেন, ‘এটি আমাদের ঐতিহ্য, বড় একটা উৎসব। পূর্বপুরুষেরা পালন করেছেন, আমরাও করছি। পরবর্তী প্রজন্মও পালন করবে। এ উপলক্ষে কয়েক হাজার দর্শনার্থীকে একসঙ্গে খাবার দেওয়া হয়। আশপাশের গ্রামের প্রায় বাড়িতে উৎসব শুরু হয়। মেয়েরা তাঁদের বাবার বাড়িতে নাইওর আসেন। দূরদূরান্ত থেকে আত্মীয়স্বজন বেড়াতে আসেন।’
আয়োজকদের একজন তুষ্ট মোহন রায় বলেন, এখানে কোনো প্রতিমা নেই, এই বটগাছকেই বিগ্রহ মনে করে কালীপূজা করেন সনাতন ধর্মাবলম্বীরা। এ উপলক্ষে বসে মেলা। এবারও উৎসবে বেশ কয়েকটি দেশের মানুষসহ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাদ্য বাজিয়ে, মানতের উপকরণ নিয়ে ভক্ত-অনুরাগীরা ছুটে এসেছেন। মূলত মনের আশা পূরণে এই বটতলায় পূজা, মানত ও প্রসাদ বিতরণের রেওয়াজ সুদীর্ঘকাল ধরে চলে আসছে।
পূজারি গৌতম চন্দ্র মৌলিক বলেন, ‘আমার দাদা ননী গোপাল মৌলিক এখানের পূজারি ছিলেন। দাদার মুখে শুনেছি, তিনিও তাঁর পূর্বপুরুষদের কাছে এই উৎসবের কথা শুনেছেন। সে সময় শুধু হিন্দু ধর্মের মানুষ এখানে পূজা, মানত ও প্রসাদসেবা নিতে আসতেন। তবে এই উৎসব এখন আর কোনো ধর্মের মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই। সম্প্রীতির এক মেলবন্ধন হয়ে উঠেছে।’
উৎসবে আসা শিক্ষার্থী সোমা সরকার, পূজা সরকার, সানজিদা, রুপম বলেন, ছোটবেলা থেকেই এই উৎসবে আসি। এখানে বন্ধুদের সঙ্গে মেলায় অনেক আনন্দ হয়। ইচ্ছাপূরণে মানত করি। প্রসাদ খাই।
জাবরা গ্রামের ব্যবসায়ী সুমন দাস বলেন, প্রতি বছর এই দিনটার জন্য প্রতীক্ষা করি। মায়ের কাছে মন খুলে প্রার্থনা করে অনেক কিছু প্রত্যাশা করি। এখানে এসে মানত করে কেউ খালি হাতে ফেরে না।’
বাষ্টিয়া গ্রামের ইকবাল হোসেন বলেন, এটি সর্বজনীন উৎসব। সব ধর্মের মানুষের উপস্থিতিতে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।
স্থানীয় বালিয়াখোড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল খান বলেন, এই উৎসব খুব পুরোনো ও ঐতিহ্যবাহী। পৌষের চাঁদে এই উৎসব হলেও এ বছর মাঘ মাসে অনুষ্ঠিত হচ্ছে। দেশের বিভিন্ন এলাকা থকে মানুষ এসেছে। এখানে সম্প্রীতির এক মিলনমেলা বসে।

সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
২৬ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে