
ছোটবেলা থেকেই গাছের প্রতি আগ্রহ ছিল কবির হোসেন খানের। মা বাড়ির উঠোনসহ ফাঁকা জায়গায় গাছ লাগাতেন। সেটা দেখেই গাছের প্রতি ভালোবাসা। এরপর একটা সময়ে বড় নার্সারি করার স্বপ্ন দেখতেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শুরু করলেন। এখন কবির হোসেনের নার্সারিতে ১০ প্রকারের আমগাছসহ রয়েছে কাঁঠাল, লিচুসহ নানা ধরনের ফলের গাছ। শখের বসে গড়ে তোলা নার্সারি থেকে এখন প্রতি মৌসুমে কমপক্ষে ১০ লাখ টাকার আম বিক্রি করছেন তিনি।
মাদারীপুর সদর উপজেলার বকুলতলা এলাকার মৃত জয়নাল আবেদিন খানের ছেলে কবির হোসেন খান (৬০)। খোয়াজপুর ইউনিয়নের পখিরা এলাকায় আড়িয়াল খা নদের পাশে লিজ নেওয়া দুই একর ২০ শতাংশ জমিতে তিনি গড়ে তুলেছেন শখের নার্সারি। ২০১৬ সালে শুরু করা এই বাগানে আম, কাঁঠাল, লিচু, ফুল, সবজি ও ক্যাকটাস চাষ হচ্ছে।
এ ছাড়া ২০ প্রকারের ফুলগাছ ও ১০ প্রকারের সবজি লাগানো হয়েছে। পরে ক্যাকটাসের প্রতি আগ্রহ তৈরি হলে আলাদা শেড দিয়ে তৈরি করা হয় ক্যাকটাস কর্নার। সেখানে ২৫ প্রকারের ক্যাকটাস রয়েছে।
নার্সারিতে বিষমুক্ত ঢেঁড়স, কচু, লতি, ডাঁটাসহ কয়েক জাতের সবজিও চাষ হচ্ছে। বাগানটিতে ৫ জন কর্মচারী কাজ করেন। তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পেরে খুশি কবির হোসেন খান।
কবির হোসেন খানের দাবি, গত কয়েক বছর ধরে তিনি প্রতি মৌসুমে কমপক্ষে ১০ লাখ টাকার আম বিক্রি করেন। পাশাপাশি বছরে আরও ৩ লাখ টাকার ফুল ও সবজি বিক্রি করেন। তার ফরমালিনমুক্ত আম কিনতে মাদারীপুরসহ আশপাশের জেলা থেকেও ক্রেতারা আসেন। অনেকে নার্সারিতে গিয়ে নিজ হাতে পছন্দমতো আম পেড়ে কিনে নিয়ে যান।
আম কিনতে আসা মামুন হোসেন বলেন, “বাজারে যে আম পাওয়া যায়, তার মধ্যে ফরমালিন থাকে। তাছাড়া কবির হোসেন আমের দাম কম নেন। প্রকারভেদে প্রতি কেজি আম ৭০ টাকা থেকে ১০০ টাকা দরে বিক্রি করেন। তাই আমি প্রতি বছর আমের মৌসুমে এখান থেকে পরিবারের জন্য আম কিনে থাকি। আমগুলোর স্বাদও অনেক ভালো।”
ফুলগাছ কিনতে আসা রকিব হাসান বলেন, “আমিও প্রতি বছর এখান থেকে আম কিনি। তবে আজ এসেছি কিছু ফুল গাছ কিনতে। বাসার ছাদে বাগান করেছি। তাই প্রায় সময় এখান থেকে গাছ কিনি। তাঁর বিশাল আম বাগান দেখে আমিও ভাবছি আমার গ্রামের বাড়ি ছিলারচরের খালি জায়গায় আম বাগান করব। গাছ মানুষ ও পরিবেশের বন্ধু। আমিও তাঁকে দেখে আম বাগান করার স্বপ্ন দেখছি।”
কবির হোসেন খান বলেন, “শখের বসেই এই নার্সারি গড়ে তুলেছি। এই বাগানকে ঘিরেই আমার দিন চলে যায়। আস্তে আস্তে আমার বাগানে গাছের সংখ্যা বাড়ছে। এই নার্সারির জায়গাটি ১৫ বছরের জন্য লিজ নিয়ে শুরু করি। তবে এতটা সফল হব তা ভাবিনি। আমাকে দেখে অনেক যুবক আম বাগান করার কথা ভাবছেন। অনেকেই এসে বাগান সম্পর্কে জানতে চান। শখের পাশাপাশি বাগানটা এখন পূর্ণতা পেয়েছে। ফুল আর ফলে ভরা থাকে আমার বাগান। আর তা বিক্রি করে আমি আয়ও করছি, পাঁচজনকে কাজের সুযোগ করে দিয়েছি। তাছাড়া একটি বাগান মানেই হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষা করা। সব মিলিয়ে এই বাগান আমার বেঁচে থাকার প্রেরণা।''
মাদারীপুর সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আল-আমিন বলেন, “শহরের বেশ কাছেই কবির হোসেনের এই সুন্দর বাগানটি জেলায় বেশ সুনাম অর্জন করেছে। আমরাও সরকারিভাবে তাঁকে নানা পরামর্শসহ প্রয়োজনীয় সহযোগিতা করে থাকি। তাঁকে দেখে অনেকেই আম বাগান করার প্রতি আগ্রহ পাচ্ছেন।”

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে