
মাদারীপুরের রাজৈরে একটি বেসরকারি ক্লিনিকের ল্যাবে এক্স-রে মেশিনের স্ট্যান্ড ও টিউব খুলে পড়ে রোগীসহ তিনজন আহত হয়েছেন। কোমরের ব্যথার জন্য এক্স-রে করাতে গিয়ে ঘাড়ে আঘাত পেয়েছেন ওই রোগী।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর এলাকায় আরামবাগ ডি-ল্যাব নামের ক্লিনিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত রোগীর নাম অন্তরা আক্তার (২৮)। তিনি রাজৈর উপজেলার ইশিবপুর গ্রামের ইতালিপ্রবাসী আনোয়ার মোল্লার স্ত্রী।
ল্যাব কর্তৃপক্ষ ও আহত রোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, পরিবারসহ ইতালিতে থাকেন অন্তরা। দুই মাস আগে দুই ছেলে নিয়ে দেশে আসেন তিনি। পরে কোমরে ব্যথার সমস্যার জন্য টেকেরহাটের আরামবাগ ডি-ল্যাবে চিকিৎসক দেখাতে যান। সেখানে ডা. গোলাম সরোয়ারকে দেখালে তিনি এক্স-রে করাতে বলেন। এ সময় ওই ক্লিনিকের এক্স-রে কক্ষে গিয়ে টেবিলে শোয়ার কিছুক্ষণ পরই তাঁর ওপর এক্স-রে মেশিনের স্ট্যান্ডসহ টিউব খুলে পড়ে। তাঁকে রক্ষা করতে গিয়ে ওই ক্লিনিকের আরও দুজন কর্মী আহত হন। এ ঘটনায় রোগী অন্তরার ঘাড়ে আঘাত লেগে আহত হন।
রোগীর খালাতো বোন প্রত্যক্ষদর্শী তানিয়া বেগম বলেন, ‘অন্তরার কোমরে ব্যথার জন্য তাঁকে নিয়ে টেকেরহাটের আরামবাগ ডি-ল্যাবে ডাক্তার দেখাতে আসি। ডাক্তার এক্স-রে করাতে বলেন। এক্স-রে টেবিলে শোয়ার পরপরই মেশিনটি ভেঙে অন্তরার ওপর পড়ে। তখন হাসপাতালের দুজন স্টাফ ভেঙে পড়া মেশিনটি ধরতে গিয়ে আহত হন। আমিও রুমের ভেতরে ছিলাম, সামান্য আহত পেয়েছি। এ ঘটনা আমাদের পরিবারকে জানাই। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে খারাপ আচরণ করে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
অন্তরা আক্তার বলেন, ‘এ ঘটনার বিচার চাই। যেন আর কোনো রোগীর সঙ্গে এমন ঘটনা না ঘটে।’
আরামবাগ ডি-ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদ ফরাজী বলেন, ‘আমাদের ভুল আছে বলেই চুপচাপ সবার এত কথা শুনছি। টেকনিশিয়ানরা এক্স-রে মিশন ঠিকমতো ফিটিং করতে পারেননি। তাই দুর্ঘটনা ঘটেছে। তবে রোগীর বেশি কিছু হয়নি। আমাদের স্টাফরা তাঁকে রক্ষা করতে গিয়ে বেশি আহত হয়েছেন। আহত রোগীকে ডাক্তার দেখানোসহ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শামীম আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘একটা এক্স-রে মেশিন খুলে পড়বে, এটা অস্বাভাবিক ব্যাপার। আমরা এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে