
সৌদি আরবের রাজধানী রিয়াদে উটের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁদের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। নিহত ব্যক্তিরা হলেন হারুনুর রশিদ হারুন ও রাসেল হোসেন। তাঁরা লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী এলাকার বাসিন্দা।
আজ সোমবার (১ জুন) দুপুরে বাড়িতে এ খবর পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেন নিহত হারুনুর রশিদের বাবা তছলিম উদ্দিন। এরপর নিহত ব্যক্তিদের পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছিলেন হারুনুর রশিদ ও রাসেল হোসেন। গতকাল রোববার (৩১ মে) রাতে রিয়াদের একটি সড়কে যাওয়ার সময় একটি উটের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তাঁরা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত হারুনের বাবা তছলিম উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলে বিদেশে গিয়ে আমাদের স্বপ্ন পূরণের চেষ্টা করছিল। দার-দেনা করে তাকে বিদেশে পাঠানো হয়। আজ সে লাশ হয়ে ফিরবে। এটা আমরা কল্পনাও করিনি। এখন কী হবে? কী নিয়ে বাঁচব। সরকারের কাছে অনুরোধ, দ্রুত মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হোক।’
এলাকাবাসী জানান, হারুন ও রাসেল ঘনিষ্ঠ বন্ধু। একই সঙ্গে তাঁদের মৃত্যুতে পুরো গ্রামে গভীর শোক বিরাজ করছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, প্রবাসী দুই যুবকের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। মরদেহ দেশে ফিরিয়ে আনা ও পরিবারকে প্রয়োজনীয় সহায়তার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে পরিবারের আবেদন অনুযায়ী প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে