
লক্ষ্মীপুরের রামগঞ্জে আনোয়ার হোসেন (৪৫) নামের এক বিএনপি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
২ লাখ টাকা চাঁদা না পেয়ে মো. ইউসুফ হোসেন নামের এক যুবদল কর্মী এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
আনোয়ার হোসেন সাহারপাড়া এলাকার মজিবুল হকের ছেলে। অভিযুক্ত ইউসুফ হোসেন একই গ্রামের এরশাদ মিয়ার ছেলে।
আনোয়ারের স্ত্রী ফারজানা আক্তার সাথী ও স্বজনেরা জানান, আনোয়ার হোসেন তাঁর শ্যালককে বিদেশে পাঠানোর জন্য একটি সংস্থা থেকে ২ লাখ টাকা নিয়েছেন। এই খবর জানতে পেরে ইউনিয়ন যুবদল কর্মী ইউসুফ হোসেনসহ আরও তিনজন আনোয়ারের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। দু-তিন দিন ধরে আনোয়ারের দোকানে এসে হুমকি দিয়ে যাচ্ছিলেন তাঁরা। আজ সকাল ৭টায় মোটরসাইকেলে করে ইউসুফ ও আরও দুজন দোকানে ঢুকে আনোয়ারকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় আনোয়ারকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আমির ফয়সাল জানান, আনোয়ার হোসেনের বুকে ও পেটে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারী বলেন, তর্কাতর্কির একপর্যায়ে আনোয়ার হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
নিহত ও অভিযুক্ত ব্যক্তির দলীয় পরিচয়ের ব্যাপারে জানতে চাইলে ভোলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহিম মজুমদার জানান, আনোয়ার বিএনপির কর্মী ও ইউসুফ যুবদল কর্মী। তিনি বলেন, এই দুজন বিএনপি বা যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও বড় কোনো পদে নেই।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে