
দেশে হাম সংক্রমণের জন্য বিগত আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকার দায়ী বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, গত ১৭টি বছর ফ্যাসিবাদের আমলে ও অন্তর্বর্তী সরকারের সময় এ দেশে স্বাস্থ্য খাতে বরাদ্দ করা টাকা লুটপাট হয়েছে। ইউনিসেফ, গ্যাভি, এডিবির পক্ষ থেকে পাঁচবার অনুরোধ করা সত্ত্বেও বেসরকারিভাবে হামের টিকাসহ বিভিন্ন টিকা কিনে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য তারা আন্তর্জাতিক পর্যায় থেকে টিকা সংগ্রহ করতে যায়নি।
আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অত্যন্ত বিপজ্জনক ও সীমাবদ্ধতার ভেতরে আমরা ক্ষমতা গ্রহণ করেছি। আমাদের কাছে কোনো অর্থকড়িও ছিল না যে রাতারাতি আমরা কিছু করতে পারব। এর মধ্যে হামের সংক্রমণ ঘটেছে। এই হাম সংক্রমণের পেছনে বিগত দুইটা সরকার দায়ী। প্রতি চার বছর পরপর এমআর টিকার ক্যাম্পেইনিং করার কথা ছিল। কিন্তু ২০২০-এর ডিসেম্বরের পরে তারা সেটি করেনি। এর প্রভাব আমাদের ওপরে এসে পড়েছে।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে ডোনার দেশগুলোর সহযোগিতায় এবং প্রধানমন্ত্রীর গতিশীল ও সুচিন্তিত নির্দেশনায় আমরা অতি স্বল্প সময়ের মধ্যে (১৫ দিনের মধ্যে) হামের টিকা সরবরাহের ব্যবস্থা করেছি। এর মধ্যে সরবরাহ দেরি হলে আরও লোক মারা যেতে পারত, এ জন্য গ্যাভির কাছ থেকে অনেকগুলো হামের টিকা ধার হিসেবে নেওয়া হয়েছে। এসব নিয়ে গত ৪ এপ্রিল থেকে প্রথমে নির্দেশনা অনুযায়ী যে যে জেলায় হামের সংক্রমণ বেশি ছিল (১৮টি জেলার ৩০টি উপজেলায়), সেখানে কার্যক্রম শুরু করা হয়। পরে ময়মনসিংহ, বরিশাল, ঢাকা সিটি নর্থ ও সাউথ—এই চারটি বড় সিটি করপোরেশনে তা শুরু হয়। গত মাসের ২০ তারিখে পর্যাপ্ত টিকা পাওয়ার পর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে দেশব্যাপী টিকা কার্যক্রম শুরু হয়, যা ২০ মে শেষ হয়েছে। এর মধ্যে দুই কোটির ওপরে বাচ্চাকে টিকা দিতে সক্ষম হওয়া গেছে (১০৩ শতাংশ), যা টার্গেটের চেয়েও বেশি। তবে শুধু এই পরিসংখ্যানের ওপর বসে না থেকে ক্যাম্পেইন শেষ হলেও এই মাসের ২১ তারিখ থেকে বাংলাদেশের সকল উপজেলায় খুঁজে খুঁজে টিকা দেওয়া অব্যাহত রাখা হয়েছে।’
স্বাস্থ্য খাতে জনবলের ঘাটতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, আমরা জুলাইয়ের পর থেকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে যাচ্ছি। তার মধ্যে ৮০ ভাগ হবে মহিলা। মহিলা নেওয়ার কারণ আমরা মিডওয়াইফারি করব, আমরা কেয়ারগিভার দেব।’
মন্ত্রী আরও বলেন, অনেক হাসপাতালের বয়স ৭০-১০০ বছর হয়েছে। এগুলোকে নতুনভাবে গড়ার প্রকল্প নেওয়া হচ্ছে। এবারের বাজেটে প্রধানমন্ত্রী দেশের স্বাস্থ্যসেবার খাতে দ্বিতীয় বৃহত্তম বাজেট দিচ্ছেন। ইনশা আল্লাহ প্রথম দিন থেকে অর্থাৎ জুলাইয়ের ১ তারিখ থেকে সব হাসপাতালে স্বাস্থ্যসেবা সুবিধার জন্য যা যা দরকার, সেসব সরবরাহ দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।
ঈদের আগের দিন হাসপাতাল পরিদর্শন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা স্বাস্থ্য খাতের মানোন্নয়নে চেষ্টা করছি। ঈদের টাইমেও ঘুরে ঘুরে বেড়াচ্ছি। শুধু মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য।’
১৯ মে আজকের পত্রিকায় প্রকাশিত ‘যক্ষ্মা ও পোলিওর টিকা নেই, দিশেহারা অভিভাবক’ শীর্ষক প্রতিবেদনটি সঠিক উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রতিবেদনটি সত্য। তবে সিরিঞ্জ নেই, কথাটা সত্য না। এখানে যে সিভিল সার্জন, উনি একটা ভুল ইনফরমেশন দিয়েছেন। উনার কাছে উপজেলার ইনফরমেশন ছিল। হয়তো এক উপজেলায় বেশি, আরেকটায় কম ছিল। আমি সঙ্গে সঙ্গেই ইনকোয়ারি করেছি। আপনার রিপোর্ট দেখার এক ঘণ্টার মধ্যে আমি সেই সিভিল সার্জনকে ক্লোজড করেছি। ১১ লাখ সিরিঞ্জ নিয়েছি। সব উপজেলায় সিরিঞ্জ দিয়েছি। টিকাও দেওয়া শুরু হয়ে গেছে অলরেডি।’
পরিদর্শনের সময় কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ প্রমুখ স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন। এ ছাড়া শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক সাইফুল ইসলাম, অধ্যক্ষ মো. মজিবর রহমান, উপাধ্যক্ষ মো. একরাম আহসান জুয়েল, ভারপ্রাপ্ত সিভিল সার্জন মো. নাজমুল করিম, হাসপাতালের সহকারী পরিচালক মো. নাসিরুজ্জামান প্রমুখসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের জন্য রান্না করা খাবার চেখে দেখেন। স্বাস্থ্যমন্ত্রী এর আগে সকালে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় হাসপাতাল দুটির মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে