
খাগড়াছড়ির রামগড় সরকারি উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী মো. সরওয়ার হোসেনের (৫০) ওপর কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি মো. সাব্বিরকে বৃহস্পতিবার সকালে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
আহত ব্যক্তির স্ত্রী রোকেয়া আক্তার বাদী হয়ে বুধবার (৮ অক্টোবর) রাতে রামগড় থানায় এই মামলা করেন। মামলায় গ্যাং লিডার মো. সাইফউদ্দিন ওরফে শাহাবুদ্দিন, আলমগীর হোসেন ইরাক, মো. সাব্বির, সাগর, মোহাম্মদ জসিম উদ্দিনসহ অজ্ঞাতনামা আরও দু-তিনজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত শুক্রবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে বিদ্যালয় চত্বরে গ্যাং লিডার শাহাবুদ্দিনের নেতৃত্বে একদল কিশোর সরওয়ার হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত সরওয়ার হোসেন বলেন, ‘আমি রাতে স্কুল কোয়ার্টারে থাকি এবং নিরাপত্তার দায়িত্বে আছি। শুক্রবার রাত ১০টার দিকে বাজার থেকে ফিরছিলাম। দেখি শাহাবুদ্দিন স্কুলের মাঠে ঘুরছে। তাকে জিজ্ঞেস করলে সে আমাকে গালাগালি করে কিলঘুষি মারতে শুরু করে। আমি মাটিতে পড়ে যাই।’
স্কুলের নির্মাণাধীন ভবনের শ্রমিক মো. আমির হোসেন জানান, চিৎকার শুনে তিনি বের হলে কিশোরেরা পালিয়ে যায়।
সরওয়ার হোসেন জানান, এটিই প্রথম হামলা নয়। এর আগেও ২৬ আগস্ট গেট বন্ধ করতে গিয়ে শাহাবুদ্দিন, সাব্বিরসহ তাদের সঙ্গীরা তাঁকে মারধর করে। সেই হামলায় তাঁর দুটি দাঁত ভেঙে যায়।
সরওয়ার হোসেন বলেন, ‘অভিযোগ করেও কোনো বিচার পাইনি। তারা রাতের বেলা স্কুলে ঢুকে মদ-গাঁজা খায়, চুরি করে। বাধা দিলে মেরে ফেলার হুমকি দেয়। এখন স্কুলে নিরাপত্তা বলতে কিছু নেই।’
রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সূত্রে জানা গেছে, সরওয়ার হোসেনের মাথা, বুক ও মুখের চোয়ালে গুরুতর আঘাত লেগেছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্থানীয় বাসিন্দা জানান, রামগড় সরকারি উচ্চবিদ্যালয় ও আশপাশ এলাকায় এই কিশোর গ্যাং দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টি করছে। রাতে তাদের আড্ডা, মাদক সেবন ও চুরির ঘটনা নিয়মিত। প্রশাসনের তৎপরতা না থাকায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করে। মামলা হয়েছে এবং এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত অব্যাহত রয়েছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৬ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে