
তিন বছর পর সরকারি কর্মচারীদের বদলির বিধান রয়েছে। তবে ভিন্ন বিধান বাস্তবায়ন করেছেন ঝিনাইদহ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দিন। এক আওয়ামী লীগ নেতার প্রভাবে তিনি এ পৌরসভায় দেড় যুগের (১৮ বছর) বেশি সময় চাকরি করছেন।
অভিযোগ রয়েছে, মেয়র আর পৌরসভার কিছু কর্মকর্তার যোগসাজশে কামাল গড়ে তুলেছেন শক্তিশালী সিন্ডিকেট। এর মাধ্যমে বানিয়েছেন বিপুল সম্পদ। কুষ্টিয়া শহরে ৩ ও ৫ তলা দুটি বাড়ি, ঢাকায় নিজস্ব ফ্ল্যাটসহ ঝিনাইদহের বিভিন্ন স্থানে নামে-বেনামে রয়েছে অঢেল সম্পত্তি। চড়েন দামি গাড়িতে। সম্প্রতি তাঁর বিরুদ্ধে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকৌশলী কামাল উদ্দিনের গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গোবিন্দপুর গ্রামে। কিন্তু তিনি শৈলকুপা পৌরসভার ঠিকানা ব্যবহার করে ১৯৯২ সালে শৈলকুপা পৌরসভায় উপসহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। চাকরিজীবনের শুরুতে তাঁর বেতন ছিল ৩ হাজার ৭২৫ টাকা। ১৯৯৮ সালে শৈলকুপা পৌরসভা থেকে যশোরের ঝিকরগাছা পৌরসভায় বদলি হন কামাল। পরে বদলি হয়ে আসেন ঝিনাইদহ পৌরসভায়। একসময় পৌরসভার সাবেক মেয়র ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর আস্থাভাজন হয়ে ওঠেন।
তাঁর আশীর্বাদে পদোন্নতি পেয়ে নির্বাহী প্রকৌশলী হয়ে যান কামাল। শুরু হয় তাঁর দুর্নীতি আর অর্থ আত্মসাতের রাজত্ব। পৌরসভার একাধিক সূত্রে জানা যায়, পৌরসভার সোলার লাইট প্রকল্পের দুই কিস্তির ৭ কোটি টাকা তছরুপ করেছেন কামাল উদ্দিন। নিয়মিত রোলার গাড়ি ভাড়া দেওয়া হলেও তার অর্থ সঠিকভাবে জমা দেওয়া হয় না।
নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার এক কর্মচারী বলেন, সাবেক মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের সময়ে ৪৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ করা হয়। সেই প্রকল্পের টাকার ৩ শতাংশ ঘুষ নেন কামালসহ আরও দুই কর্মকর্তা। এ ছাড়া পৌরসভার উন্নয়নকাজের ঠিকাদারি নিয়ন্ত্রণ করে অধিকাংশ কাজ দেন সাবেক মেয়র হিজলের নিকটাত্মীয় কুমারখালীর ঠিকাদার নাঈম হোসেনকে। এর বিনিময়ে কামাল আর্থিকভাবে সুবিধা নিতেন। ওই কর্মচারীর দাবি, প্রায়ই কামাল সাদা রঙের একটি প্রাইভেট কারযোগে অফিসে আসেন। সেটির মালিক ঠিকাদার নাঈম।
গত ১৮ আগস্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন পৌরসভার বাসিন্দা আনোয়ারুজ্জামান। সম্প্রতি এ তথ্য জানাজানি হয়। ওই অভিযোগে বলা হয়, মেয়র হিজলের সময়ে প্রতি মাসে পৌরসভার বৈদ্যুতিক বাল্ব কেনার কথা বলে ১৫ থেকে ২২ লাখ টাকা উত্তোলন করেছেন কামাল। এর প্রায় সব টাকাই আত্মসাৎ করা হয়েছে।
আনোয়ারুজ্জামান বলেন, ‘একজন ষষ্ঠ গ্রেডের কর্মকর্তা কীভাবে কোটি কোটি টাকার মালিক হন। তাঁর বেতন মাসে ১ লাখ টাকা হলেও কোটি কোটি টাকার মালিক হওয়া সম্ভব না; যদি তিনি দুর্নীতি না করেন।’ কামালের সম্পদের উৎস খুঁজে বের করার দাবি জানান তিনি।
এ বিষয়ে প্রকৌশলী কামাল উদ্দিন বলেন, ‘আমি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নই। আর আমার যা সম্পত্তি আছে, তা আমার পারিবারিক ও চাকরির টাকা দিয়ে করা। একটি মহল আমাকে ক্ষতিগ্রস্ত করতে এসব অসত্য তথ্য ছড়িয়ে বেড়াচ্ছে।’

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২৩ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে