
ঝিনাইদহে দখলদারদের কবলে চলে গেছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জিকে সেচ প্রকল্পের খাল। কেউ খালে খনন করে বানিয়েছেন পুকুর, কেউ আবার ভরাট করে করছেন চাষাবাদ। এতে করে খালটির অস্তিত্ব বিলীন হওয়ার পথে।
ফলে চাষের মৌসুমে যেমন সেচের পানি মেলে না, তেমনি বর্ষাকালে অতিরিক্ত পানি সরতে না পেরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। নষ্ট হয় কৃষিজমির ফসল। তবে পাউবোর কর্মকর্তারা বলছেন, খাল দখলের বিষয়টি তাঁরা জানেন না। এটি সত্য হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পাউবো সূত্রে জানা গেছে, গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের আওতায় খনন করা খালটি শৈলকুপার শাপখোলা ও সদরের বাকড়ী এলাকার মধ্য দিয়ে গিয়ে নবগঙ্গা নদীতে মিশেছে।
সম্প্রতি শাপখোলা-পোড়া বাকড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় গিয়ে দেখা যায়, স্থানীয় ইলিয়াস মিয়া তাঁর বাড়ির সামনে খালে বাঁধ দিয়ে পুকুর খনন করেছেন। ভেঙে ফেলা হয়েছে কালভার্ট। পুকুরের আগপর্যন্ত খালটি থাকলেও এরপর পুরো বিলীন হয়ে গেছে।
জানতে চাইলে ইলিয়াস বলেন, ‘খালে পানি না আসায় যার যার জমির পাশে তারা খালে ফসল আবাদ করছে। ফলে খাল আস্তে আস্তে ভরাট হয়ে গেছে। সবাই খাল ব্যবহার করছে বলে আমিও কিছুদিন হলো মাছ চাষ করছি। পানি উন্নয়ন বোর্ড খাল খনন করুক। খালে আবার পানি আসুক। আমরা সরে যাব।’
স্থানীয় বাসিন্দা জানান, খালটি একসময় বহমান ছিল। কিন্তু স্থানীয় কিছু প্রভাবশালী লোক খালে পুকুর খনন ও পাড় ভেঙে জমির সঙ্গে মিশিয়ে নিয়েছেন। খাল দখলের ফলে উজানের এলাকাগুলোয় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ব্যাপক ফসলহানি হয়।
ইকবাল মোল্লা নামের এক কৃষক বলেন, ‘৭-৮ বছর ধরে খালে কোনো পানি আসে না। আস্তে আস্তে ভরাট হয়ে গেছে। সে জন্য খালে চাষ দিয়ে ফসল লাগাই। এতে তো দোষের কিছু দেখছি না। খাল খনন করুক, আমরা আর চাষ করব না।’
আক্কেল মোল্লা নামের আরেক কৃষক বলেন, ‘পাড়ে যাদের জমি আছে, সবাই কমবেশি খাল দখল করে চাষাবাদ করছে। তাদের দেখে আমিও ফসল লাগিয়েছি। খালটি পুনরায় খনন হলে পানি এলে আমাদের চাষের জন্যই ভালো। খাল দ্রুত খনন করলে আমরা আর চাষ করব না।’
এ নিয়ে কথা হলে ঝিনাইদহ পাউবোর নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। দ্রুত সময়ের মধ্যে খালটি দখলদারদের কবল থেকে উদ্ধারের জন্য পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।’

মুন্সিগঞ্জ সদর উপজেলায় টেন্ডার জমা দেওয়া নিয়ে বিএনপির নেতা-কর্মীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ সোমবার (২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকায় এ সংঘর্ষ হয়। পরে কমপ্লেক্সের বাইরেও সংঘর্ষ হয়।
১৬ মিনিট আগে
বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ এস এম বদরুল আনোয়ার বলেন, আজ সোমবার বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু কমিটির চেয়ারম্যানের মা মারা যাওয়ার কারণে বৈঠকটি স্থগিত করা হয়েছে। পরবর্তী বৈঠকে বার কাউন্সিলের নতুন এনরোলমেন্টের বিষয়ে সিদ্ধান্ত হবে।
৩৪ মিনিট আগে
বিদেশে গিয়ে ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে বিমানবন্দরে পৌঁছেছিলেন। হাতে ছিল ভিসা, বিমানের টিকিট ও চাকরির কাগজপত্র। কিন্তু চেকিংয়ের সময় জানা গেল- সবই জাল। মুহূর্তেই ভেঙে যায় বহু বছরের স্বপ্ন। হতবিহ্বল হয়ে বিমানবন্দরের মেঝেতে লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
৩৮ মিনিট আগে
পুঠিয়ায় গণপিটুনিতে ডাকাত দলের সদস্য নিহতের ঘটনায় তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আজ সোমবার পুঠিয়া থানা-পুলিশ বাদী হয়ে মামলাটি করে। একই সঙ্গে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আরও একটি মামলা করা হয়েছে।
১ ঘণ্টা আগে