
যশোরের মনিরামপুরে তিন ব্যক্তির মধ্যে সৃষ্ট বিরোধ মেটাতে গিয়ে ধাক্কা লেগে আব্দুল হাই (৫০) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের নেংগুড়াহাট বাজারে এই ঘটনা ঘটে।
নিহত আব্দুল হাই চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি উপজেলার রতনদিয়া গ্রামের বাসিন্দা। ঘটনার পর পুলিশ আবুল খায়ের নামে এক ব্যক্তিকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় নেংগুড়াহাট বাজার এলাকায় আবুল খায়ের, মোস্তাক ও বিল্লাল নামে তিন ব্যক্তি পুরোনো আর্থিক লেনদেনকে কেন্দ্র করে বিরোধে জড়িয়ে পড়েন। বিষয়টি দেখে সেখানে যান আব্দুল হাই এবং বিরোধ মেটানোর চেষ্টা করেন। এ সময় বিরোধে জড়ানো একজনের ধাক্কায় তিনি পড়ে যান।
পরে গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
আব্দুল হাইয়ের মৃত্যুর কারণ নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। একটি সূত্রের দাবি, বিরোধ থামাতে গেলে তাঁর বুকে ঘুষি মারা হলে তিনি পড়ে গিয়ে মারা যান। অন্য একটি সূত্র বলছে, ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার পর তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন।
চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান শাহিন বলেন, আব্দুল হাই আগে থেকেই স্ট্রোকের রোগী ছিলেন। বিরোধ মেটাতে গিয়ে ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার পর তিনি আবারও স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে আওয়ামী লীগ নেতা আব্দুল হাইয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত লোকজন বিরোধে জড়িত আবুল খায়েরকে ধাওয়া দিয়ে বাজারের একটি ঘরে আটকে রাখেন। পরে পুলিশ এসে তাঁকে হেফাজতে নেয়।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনায় আবুল খায়ের নামে একজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে