
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া এলাকায় পৃথক অভিযানে ৫৬ বস্তা সরকারি সার জব্দ করেছে প্রশাসন। এ সময় সার পরিবহনের কাজে ব্যবহৃত একটি নছিমন জব্দ ও এর চালক সাবিরুল মোল্যাকে আটক করা হয়েছে। সাবিরুল মোল্যা নওয়াপাড়ার আমডাঙ্গা গ্রামের হাফিজুর মোল্লার ছেলে।
রোববার (৮ মার্চ) রাত ৯টার দিকে নওয়াপাড়া স্টেশন বাজারের ঢালাই সড়ক ও জগোবাবুর মোড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার বসু। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন ও অভয়নগর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, নওয়াপাড়া পীরবাড়ি ঘাট থেকে দেশ ট্রেডার্সের ৪০০ বস্তা সার রাজ ট্রান্সপোর্টের একটি ট্রাকে করে যশোর বাফার গুদামে নেওয়া হচ্ছিল। পথে নওয়াপাড়া স্টেশন বাজারের ঢালাই সড়কের পাশে ট্রাক থেকে ছয় বস্তা ইউরিয়া সার নামিয়ে ভ্যানে করে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ সময় ট্রাকচালক প্রথমে দাবি করেন, তাঁর গাড়িতে ৪০৬ বস্তা সার রয়েছে এবং অতিরিক্ত ছয় বস্তা সার তিনি তিন হাজার টাকায় কিনেছেন। পরে তিনি বলেন, অতিরিক্ত লোড হওয়ায় সারগুলো নামিয়ে ফেরত দেওয়ার জন্য রাখা হয়েছিল।

উপজেলা কৃষি কর্মকর্তা বিষয়টি জানার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনার উদ্যোগ নেওয়া হলে ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ছয় বস্তা সার জব্দ করা হয়।
এ ছাড়া জগোবাবুর মোড় এলাকায় একটি নছিমন তল্লাশি করে আরও ৫০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। এসব সারের বৈধ উৎস সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি নছিমনচালক। পরে উদ্ধার করা মোট ৫৬ বস্তা সার উপজেলা কৃষি অফিসে নিয়ে যাওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, ‘স্টেশন বাজারের পাশে আমরা একটি ট্রাক পেয়েছি। সেই ট্রাকে ডেলিভারি অর্ডার ছিল ৪০০ বস্তা সার। সেখানে ৪০৬ বস্তা সার পেয়েছি। এ ছাড়া একটি ভিডিও রেকর্ড থেকে প্রমাণ পাই যে ট্রাকচালক ছয় বস্তা সার অবৈধভাবে অতিরিক্ত ক্রয় করেছেন। সেগুলো আমরা জব্দ করেছি। এ ছাড়া আরেকটি অভিযানে একটি নছিমন থেকে আরও ৫০ বস্তা সরকারি সার উদ্ধার করেছি। যেখানে বিএডিসির বিভিন্ন লটের ডিএপি সার রয়েছে। যার অনুমোদিত কোনো উৎস খুঁজে পাওয়া যায়নি।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার বসু বলেন, দুটি অভিযোগের ভিত্তিতে পৃথক অভিযান চালানো হয়েছে। উদ্ধার করা সারের বৈধ উৎস পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, এগুলো অবৈধভাবে বাজারজাত বা পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল।
এ ঘটনায় আটক নছিমনচালককে থানা হেফাজতে রাখা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে প্রশাসন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে