
জামালপুরের ইসলামপুরে একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্থানীয় বিএনপির কিছু সমর্থকের হাতে মারধরের শিকার হয়েছেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিজ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর হয়ে প্রচারণায় নিয়মিত থাকলেও তিনি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা। মারধরের পর ভুক্তভোগী ওই চেয়ারম্যান বলেছেন, ‘এ বিষয়ে আমার কারোর প্রতি কোনো ধরনের অভিযোগ নেই। কপালে যা লেখা ছিল, হয়তো সেটাই হয়েছে।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদ ভবনে নিজ কার্যালয়ে এ হামলার শিকার হন চেয়ারম্যান আব্দুল মালেক। তিনি টানা দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া আব্দুল মালেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন।
এ দিকে তাকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন ইউনিয়ন পূর্ব বিএনপির সভাপতি রবিউল ইসলাম। হামলার ঘটনা ও আহতের খবর শুনে আব্দুল মালেককে হাসপাতালে দেখতে গিয়েছিলেন ওই আসনে নির্বাচিত সংসদ সদস্য বিএনপির প্রার্থী সুলতান মাহমুদ বাবু।
দলীয় নেতা-কর্মী, পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ইসলামপুর উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক আইনশৃঙ্খলা বৈঠকে প্রধান অতিথি ছিলেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের এমপি সুলতান মাহমুদ বাবু। যথারীতি বৈঠকে উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যানরা উপস্থিত হন। তবে সেখানে আওয়ামী লীগের পদধারী ইউপি চেয়ারম্যানদের বিষয়ে বিএনপির কতিপয় নেতা-কর্মী বিরূপ মন্তব্য করতে থাকেন। পরে পরিস্থিতি বেগতিক দেখে আব্দুল মালেকসহ সেসব চেয়ারম্যানরা চলে যান।
পরে দুপুর ১২টার দিকে স্থানীয় ঘোনাপাড়া এলাকায় অবস্থিত বেলগাছা ইউপি কার্যালয়ে বসে ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক। সেখানে এসে বিএনপির একদল সমর্থক তার ওপর হামলা চালায়। মারধর করে পরনের পাঞ্জাবি ছিঁড়ে ফেলে। একপর্যায়ে তাঁকে কার্যালয় থেকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে অটোরিকশায় তুলে পুলিশে সোপর্দের উদ্দেশে ইসলামপুর থানার দিকে নিয়ে যায় হামলাকারীরা।
আরও জানা যায়, খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে ইসলামপুর থানা-পুলিশ ইউপি কার্যালয় থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বুলবুলি নামক স্থান থেকে হামলাকারীদের হাত থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন। খবর শুনে হাসপাতালে তাঁকে দেখতে যান এমপি সুলতান মাহমুদ বাবু। পরে রাত পৌনে ১০টার দিকে ইউপি চেয়ারম্যানকে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

আজ শুক্রবার বেলগাছা ইউনিয়ন পূর্ব বিএনপির সভাপতি রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এবারের জাতীয় সংসদ নির্বাচনে আমাদের অনুরোধে ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক ধানের শিষ প্রতীকের প্রচারণা করেছেন। বিএনপি মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবুকে বিজয়ী করতে আমাদের হয়ে কাজ করেছেন। কিন্তু পূর্ব শত্রুতার জেরে হামলা চালিয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল মালেককে বেধড়ক মারধর করেছে বেলগাছা ইউনিয়নের মুন্নিয়া গ্রামের বাসিন্দা বিএনপির সমর্থক আফছার আলী আকন্দ এবং তাঁর লোকজন। এ সময় প্রতিবাদ করায় তাঁরা আমাকেও মারধর করেছে। হামলাকারীরা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।’
ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, ‘আমি নৌকা প্রতীকে নির্বাচিত হয়ে টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করে আসছি। এলাকার উন্নয়নের স্বার্থে এবার জাতীয় সংসদ নির্বাচনে ধানের শিষের পক্ষে কাজ করেছি। নিজ কার্যালয়ে আমি মারধরের শিকার হয়েছি। সময়মতো পুলিশ উদ্ধার না করলে হামলাকারীরা আমাকে মেরে লাশ গুম করতো। খবর পেয়ে এমপি সুলতান মাহমুদ বাবু হাসপাতালে আমাকে দেখতে গিয়েছিলেন। চিকিৎসারও খোঁজ-খবর নিয়েছেন। এমপি সাহেব অত্যন্ত ভালো মনের মানুষ। এ বিষয়ে আমার কারোর প্রতি কোনো ধরনের অভিযোগ নেই। কপালে যা লেখা ছিল, হয়তো সেটাই হয়েছে।’
তবে অভিযুক্ত বিএনপি সমর্থক আফছার আলী আকন্দের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্ব থাকা উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন বলেন, ‘ইউপি চেয়ারম্যান আব্দুল মালেককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়। পরে রাত পৌনে ১০টার দিকে পরিবারের লোকজনের কাছে তাঁকে হস্তান্তর করা হয়েছে। ইউপি চেয়ারম্যানের পক্ষে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার পতনের পর নানা অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যান পদ থেকে আব্দুল মালেককে অপসারণের দাবিতে কয়েক দফা মানববন্ধনসহ বিক্ষোভ মিছিল করেছে অভিযুক্ত আফছার আলী আকন্দের সমর্থকেরা। আফছার আলী আকন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মালেকের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ছিলেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে