
জামালপুরের ইসলামপুরে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে পৌর কমিশনার ছামিউল হকের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিএনপির সাত নেতা-কর্মীর বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে তাঁদের বিরুদ্ধে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ করেন ওই কমিশনারের স্ত্রী নাজমা বেগম। তবে অভিযোগ অস্বীকার করে একই দিন রাতে সংবাদ সম্মেলন করে কমিশনার ছামিউলের বিরুদ্ধে বেশি দামে পেট্রল বিক্রির অভিযোগ করেছেন বিএনপির ওই নেতারা।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন ইসলামপুর উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান হাসমত, পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক স্কুলবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী নূর ইসলাম, ছাত্রদল কর্মী মো. সোয়াদ, সাবেক যুবদল নেতা রোকনুজ্জামান রুকন এবং যুবদল কর্মী নুরুজ্জামান।
অভিযোগ সূত্রে জানা গেছে, কমিশনার ছামিউলের কাছে কয়েক দিন আগে উপজেলা ছাত্রদলের সাবেক স্কুলবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় গত রোববার (২২ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে অভিযুক্ত ব্যক্তিরাসহ অজ্ঞাত ২০-২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছামিউলের বাড়িতে ভাঙচুর ও লুটপাট করে। এতে বাধা দিতে গেলে ছামিউলের ছোট বোন শরিফা বেগমকে মারধর করা হয়। এ ছাড়া ছামিউলের ভাতিজার স্ত্রী মনিরা বেগমের গলায় থাকা ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের সোনার চেইন ছিনিয়ে নেয় হামলাকারীরা।
গতকাল রাত ১০টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান হাসমত বলেন, ‘আমাদের বিরুদ্ধে অযথা অভিযোগ করা হয়েছে। মূলত স্থানীয় ঝর্ণা ফিলিং স্টেশন থেকে ১ হাজার ২০০ লিটার পেট্রল নিয়ে ছামিউল উচ্চমূল্যে বিক্রি করছেন; এমন খবরের ভিত্তিতে আমরা তাঁর বাড়িতে গিয়েছিলাম। পেট্রল বিক্রির সত্যতাও পেয়েছি। কিন্তু আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ানো হচ্ছে। আমরা সুস্থ ধারার রাজনীতি করি, চাঁদাবাজি নয়।’
জানতে চাইলে কমিশনার ছামিউল হক বলেন, ‘আমার বিরুদ্ধে উচ্চমূল্যে পেট্রল বিক্রির অভিযোগ মিথ্যা। আমি তেলের ব্যবসা করি না। মূলত আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বিএনপি নেতা হাসান, হাসমত এবং রাজ্জাক আমার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে মিথ্যা মামলায় হয়রানির হুমকি দেন। একপর্যায়ে ২০২৪ সালের ২৯ নভেম্বর সন্ধ্যায় বাড়িতে হামলা চালিয়ে আমার মা সাহেরা বেগম এবং ছেলে সম্রাট হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করেন। ওই ঘটনায় প্রাণের ভয়ে আইনগত ব্যবস্থা নিইনি। পরে বাধ্য হয়ে তাঁদেরকে দুই দফায় ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা দিয়েছি।’ ছামিউল হক আরও বলেন, ‘গত ঈদুল ফিতরের আগের দিন আমার কাছে তাঁরা আবারও ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে আমিসহ পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন। চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা করেছেন।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম গাজী বলেন, ছামিউলের স্ত্রী থানায় অভিযোগ করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলেন, ‘কমিশনার ছামিউলের পক্ষে চাঁদা দাবির বিষয়টি আমাকে জানানো হয়নি।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে