
হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে আটক মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জামিল চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজি মামলার বাদী অরূপ চৌধুরীকে মাদক ও ডাকাতি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। অরূপ চৌধুরীকে শায়েস্তাগঞ্জ থানার একটি ডাকাতি মামলায় মাধবপুর থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ।
পুলিশ জানিয়েছে, অরূপ চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামের মনির চৌধুরীর ছেলে। তাঁর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের বিভিন্ন থানায় দুটি ডাকাতি, দুটি মাদক ও একটি মারামারির মামলা রয়েছে। এ ছাড়া তাঁর স্ত্রী রাহেলা বেগম আন্তজেলা চোর চক্রের গডমাদার। তাঁর নামেও সাতক্ষীরা, নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।
উল্লেখ্য, অরূপ চৌধুরীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর একটি টিম আজ শুক্রবার ভোরে কালিকাপুর থেকে মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জামিল চৌধুরী ও মোনায়েম খানকে আটক করে মাধবপুর থানায় সোপর্দ করে। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে। জামিল চৌধুরীর শুভাকাঙ্ক্ষীরা ঘটনাটিকে ষড়যন্ত্রমূলক দাবি করে সুষ্ঠু তদন্ত করতে বলেন।
এদিকে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, ‘চাঁদাবাজিসহ সব অপকর্মের বিরুদ্ধে ছাত্রদল তথা বিএনপি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। কারও ব্যক্তিগত অপরাধের দায় নেবে না ছাত্রদল। বিষয়টি খতিয়ে দেখে সত্যতা পেলে দ্রুততম সময়ের মধ্যে জামিল চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা জানিয়েছেন, চাঁদাবাজির অভিযোগে জামিল চৌধুরী ও মোনায়েম খানের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে