
গাজীপুরের কালিয়াকৈরে রেলওয়ের জমি দখল করে গড়ে তোলা শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত এবং রেলওয়ে কর্তৃপক্ষ। আজ বুধবার (৬ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভার পূর্ব চান্দরা মাটিকাটা রেললাইন বাজার, রতনপুর রেলস্টেশন ও উপজেলার ভান্নারা এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা শফিকুল ইসলাম এবং কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার।
রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি দখলদার চক্র রেললাইনের পাশের জমি অবৈধভাবে দখল করে দোকানপাট ও টিনশেড স্থাপনা নির্মাণ করে ভোগদখল করে আসছিল। এতে ট্রেন চলাচল মারাত্মক ঝুঁকির মুখে পড়ে। বিষয়টি নজরে আসার পর একাধিকবার নোটিশ প্রদান ও মাইকিংয়ের মাধ্যমে স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্দেশ অমান্য করায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

উচ্ছেদ হওয়া স্থাপনাগুলোর মধ্যে রয়েছে চায়ের দোকান, মুদিদোকান, ওয়ার্কশপ ও বসতঘর। এসব স্থাপনা রেললাইন থেকে মাত্র ১০-১২ ফুট দূরত্বে নির্মাণ করা হয়েছিল।
এদিকে উচ্ছেদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা স্থানীয় কিছু নেতা ও রেলওয়ে কর্মচারীকে টাকা দিয়ে এই দোকান নির্মাণ করেছি। আমাদের কাছে যে লিজের কাগজ রয়েছে, এখন সেটিকে অবৈধ ও নকল বলা হচ্ছে। যারা আমাদের কাছ থেকে টাকা নিয়ে নকল কাগজ দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমরা গরিব মানুষ, এখন আমাদেরই পথে বসানো হলো।’
অভিযানের বিষয়ে রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র রেলওয়ের জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে আসছিল, যা ট্রেন চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব উচ্ছেদ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে