কর্মসংস্থানের জন্য গ্রাম ছেড়ে পাড়ি জমিয়েছিলেন ইট-পাথরে মোড়া শহর ঢাকায়। একপর্যায়ে জিরানী বাজারে শুরু করেন মুদির দোকান। আর্থিক টানাপোড়নে চার বছর আগে বাধ্য হোন দোকানটি ছেড়ে দিতে। গ্রামে ফিরে শুরু করেন নার্সারি। রাত-দিন পরিশ্রম করে দাঁড় করান নার্সারিটিকে। এখন তিনি একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত এলাকায়। গল্পটা গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের কিশামত দশলিয়া গ্রামের আব্দুর রহিমের (৩৫)।
রহিম বলেন, ‘তরুণ বয়সে সংসারের অভাব-অনটনের কারণে ঢাকা শহরে পাড়ি দিই। শুরুতে পোশাক কারখানায় চাকরি করি। তারপর সেটা ছেড়ে দিয়ে সাভারের জিরানী বাজারে একটি মুদির দোকান দিই। সেই দোকান অর্থের অভাবে বেশি দিন টেকেনি। বেকার অবস্থায় ফিরে আসি গ্রামের বাড়িতে। জীবনযুদ্ধে হার না মেনে পরিচিত এক কৃষি কর্মকর্তার পরামর্শে ২০১৯ সালে বাড়ির পাশের পতিত ১০ শতক জমিতে গাছের চারা রোপণ করি।’
রহিম আরও বলেন, ‘শুরুতে জায়গার সংকটসহ নানান সমস্যায় পড়তে হয়। নার্সারি ব্যবসায় ধীরে ধীরে সফলতা আসতে শুরু করে। একপর্যায়ে পাশে দাঁড়ান বড় ভাই সাইফুল ইসলাম। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দেশের চাহিদা মিটিয়ে চারা রপ্তানি করছি তুরস্ক, জাপানসহ বেশ কয়েকটি দেশে। এ ছাড়া আরও কয়েকটি দেশে চারা নিতে আগ্রহ প্রকাশ করেছে। এখন আকারে অনেক বড় হয়েছে নার্সারিটি।
সরেজমিনে দেখা যায়, গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের কিশামত দশলিয়া গ্রামে রহিমের মায়ের দোয়া নামের ২০ বিঘা জমির ওপর বিশাল এক নার্সারি। বিভিন্ন জাতের গাছ দোল খাচ্ছে বাতাসে। নার্সারিতে শোভা পাচ্ছে বিদেশি জাতের আম, মাল্টা, লেবু, জাম্বুরা, আনারস, ফুলসহ দেশি শতাধিক জাতের চারা। উন্নত জাতের ফল, ফুল ছাড়াও এখানে আছে ঔষধি গাছের চারা।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, রহিম নতুন নতুন জাতের চারা উৎপাদন করে এলাকায় বেশ সুনাম অর্জন করেছেন। একজন প্রতিষ্ঠিত নার্সারি মালিক হয়েও এখনো তিনি নিজ হাতে চারার পরিচর্যা করেন। কিছু মানুষের কর্মসংস্থানের সুযোগও তৈরি করেছেন।
রহিমের ভাই সাইফুল ইসলাম জানান, নার্সারিতে উন্নত জাতের ফল ও ফুলের চারা বিক্রি করে মাসে ৩ লাখ টাকা উপার্জন করছেন তাঁর ছোট ভাই। নার্সারিতে প্রতিদিন ২০-২৫ জন শ্রমিক কাজ করছেন।
দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বলেন, আব্দুর রহিমের নার্সারি এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে। তাঁর নার্সারিতে যদি কোনো রকম সহযোগিতার দরকার হয়, ইউনিয়ন পরিষদের পক্ষে থেকে করা হবে।
সাদুল্যাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিউল আলম দৈনিক আজকের পত্রিকাকে বলেন, ‘শুরু থেকে সফল ওই নার্সারির মালিককে আমরা পরামর্শ দিয়ে আসছি। সফলতার জন্য আমরা তাঁকে ক্রেস্টও দিয়েছি। এই নার্সারির উন্নত জাতের ফল ও ফুলের চারা বিদেশে রপ্তানি করে যাতে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারেন, সে জন্যও নানান ধরনের পরামর্শ দিচ্ছি।’

রাজধানীর মোহাম্মদপুর হুমায়ুন রোডে একটি গাড়ির গ্যারেজে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি রাখা হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প হুমায়ুন রোডে মনার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে...
৫ মিনিট আগে
পরকীয়ার অভিযোগ তুলে তিন মাসের সন্তানকে ছিনিয়ে নিয়ে গৃহবধূকে লাঠিপেটা করলেন পাথরঘাটা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ছগির হোসেন। রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের নিজলাঠিমারা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে...
১০ মিনিট আগে
টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের (৭০) দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
১৯ মিনিট আগে
বরিশালে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) বিকেল ৪টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে বাবুগঞ্জের রাকুদিয়া নতুন হাট নামক স্থানে এ দুর্ঘটনা হয়। নিহতরা হলেন মো. শহিদুল ইসলাম (৪০) ও মাহমুদা আক্তার (৩৮)।
২১ মিনিট আগে