
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নে জলাতঙ্কে আক্রান্ত হয়ে মোছা. সুলতানা বেগম (৫০) নামের আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে উপজেলায় জলাতঙ্কে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে। এ ছাড়া নারী-শিশুসহ আরও ১০ জন চিকিৎসাধীন রয়েছে। এতে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
নিহত সুলতানা বেগম কঞ্চিবাড়ী গ্রামের মো. কালাম মিয়ার স্ত্রী। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনোয়ার আলম সরকার। তিনি জানান, বুধবার বেলা ১১টার দিকে নিজ বাড়িতে মারা যান সুলতানা বেগম। এর আগে একই ইউনিয়নে জলাতঙ্কে মারা যান বজরা কঞ্চিবাড়ী গ্রামের নন্দ রানী (৫৫), কঞ্চিবাড়ী গ্রামের ফুলু মিয়া (৫৫) এবং আফরোজা বেগম (৫০)। এ ছাড়া পাশের ছাপরহাটী ইউনিয়নের পূর্ব ছাপরহাটী এলাকার রতনেশ্বর কুমার (৫৩) জলাতঙ্কে আক্রান্ত হয়ে মারা যান।
ইউপি চেয়ারম্যান আরও জানান, তাঁর ইউনিয়নে বর্তমানে নারী-শিশুসহ আরও ১০ জন জলাতঙ্কে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে।
ছাপরহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কনক গোস্বামী বলেন, ৮ মে জলাতঙ্কে আক্রান্ত হয়ে রতনেশ্বর কুমারের মৃত্যু হয়। তিনি ভ্যাকসিন নিয়েছিলেন, তবে কুকুরে কামড়ানোর ২৪ ঘণ্টার মধ্যে ভ্যাকসিন নিতে পারেননি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল কঞ্চিবাড়ী ও ছাপরহাটী ইউনিয়নে একটি বেওয়ারিশ পাগলা কুকুর একাধিক ব্যক্তিকে আক্রমণ করে। এতে অনেকেই গুরুতর আহত হন। পরে তাঁরা ভ্যাকসিন নিতে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন না পেয়ে বাইরে থেকে বেশি দামে সংগ্রহ করেন। তবে তখন পর্যন্ত অনেকেরই ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে যায়।
এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। বাজার, রাস্তা ও আবাসিক এলাকায় অবাধে ঘুরে বেড়ানো কুকুরের কারণে প্রায়ই মানুষ আক্রমণের শিকার হচ্ছে।
রতনেশ্বর কুমারের ভাই রবীন্দ্র কুমার বলেন, কুকুরে কামড়ানোর পরপরই তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ক্ষতস্থানের প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও ভ্যাকসিন ছিল না। পরে জেলা হাসপাতালসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও সময়মতো ভ্যাকসিন পাওয়া যায়নি। শেষ পর্যন্ত বেশি দামে ভ্যাকসিন সংগ্রহ করা হলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোজাম্মেল হক বলেন, গত তিন বছরে উপজেলায় বেওয়ারিশ কুকুরের টিকা বরাদ্দ আসেনি। তবে পোষা কুকুরের জন্য সীমিত পরিমাণ ভ্যাকসিন পাওয়া গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিবাকর বসাক বলেন, ‘২২ এপ্রিল কুকুরে কামড়ানোর ঘটনা ঘটলেও আক্রান্ত ব্যক্তিদের কেউ আমাদের এখানে চিকিৎসা নিতে আসেননি। এ ছাড়া হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিনও ছিল না। সম্প্রতি ভ্যাকসিন কেনার জন্য ১৫ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে