
গাইবান্ধার সুন্দরগঞ্জে নিলাম ছাড়াই পুরোনো সেতুর ইট ও রড খুলে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান মো. মোকলেছুর রহমান মণ্ডল। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাবে তিনি তাঁর কৃতকর্মের জন্য ক্ষমা চান। আজ শুক্রবার বেলা ১১টার দিকে ইউএনও ঈফফাত জাহান তুলি এ কথা নিশ্চিত করেন।
ইউএনও ঈফফাত জাহান তুলি বলেন, শোকজের জবাব দেওয়ার শেষ কর্মদিবস ছিল গতকাল বৃহস্পতিবার। এদিন বিকেল ৪টার দিকে ইউপি চেয়ারম্যান সশরীরে এসে শোকজের জবাবপত্র জমা দেন। জবাবে সেতুর ইট, রড খুলে নিয়ে যাওয়ার বিষয়ে ইউপি চেয়ারম্যান লিখেছেন, তিনি বুঝতে পারেননি। এটা তাঁর ভুল হয়েছে। পরবর্তীকালে আর এ ধরনের ভুল হবে না। সেই সঙ্গে এবারের মতো ক্ষমাও চেয়েছেন ইউপি চেয়ারম্যান। ইউএনও আরও বলেন, চেয়ারম্যানের দেওয়া শোকজের জবাবপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। সেখান থেকে যে নির্দেশনা আসবে পরবর্তীকালে সে মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
মোকলেছুর রহমান মণ্ডল উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওই ইউনিয়নের বজরা হলদিয়া গ্রামের মৃত নুরুল হক মণ্ডলের ছেলে। মাসখানেক আগে টেন্ডার ছাড়াই ইউনিয়নের একটি পুরোনো সেতু ভেঙে ইট ও রড নিজের বাড়িতে নিয়ে যান তিনি।
ইউএনও ঈফফাত জাহান তুলি বলেন, ‘ওই ইউপি চেয়ারম্যান টেন্ডার ছাড়াই পুরোনো সেতু ভেঙে ইট ও লোহা নিজের বাড়িতে নিয়ে যান। বিষয়টি গণমাধ্যমকর্মীদের মাধ্যমে জানতে পারি। পরে খোঁজ নিয়ে সত্যতা পাওয়া গেলে গত সোমবার বিকেলের দিকে ওই ইউপি চেয়ারম্যানকে শোকজ করা হয়। এরপরই তড়িঘড়ি করে তিনি তাঁর বাড়িতে রাখা ইট ও লোহা ইউনিয়ন পরিষদ ভবনে পৌঁছে দিতে শুরু করেন। গত মঙ্গলবার দুপুরের দিকে ইউনিয়ন পরিষদে রাখা ইট ও রড এবং শূন্যের ঝুলে থাকা সেতু একই সাথে নিলামে তোলা হয়। এতে সর্বোচ্চ ১ লাখ ১০ হাজার টাকা দাম হাঁকিয়ে ইউপি চেয়ারম্যান সেগুলো নেন।’
এদিকে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে এলাকাবাসী বলেন, ‘চেয়ারম্যান আমাদের অভিভাবক। আর তিনিই যদি এ ধরনের দুর্নীতি করেন, তাহলে আমরা যাব কোথায়।’ ইউপি চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তোলেন এ সময় তাঁরা।
উল্লেখ্য, ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ রাজীবপুর গ্রামের উত্তরপাড়ার আলম মিয়ার বাড়িসংলগ্ন একটি সেতু ছিল। পুরোনো হলেও ওই সেতু দিয়ে মানুষ ও যানবাহন চলাচল করত। কিন্তু মাসখানেক আগে টেন্ডার ছাড়াই ওই সেতুর অর্ধেকের বেশি অংশ ভেঙে ইট ও লোহাগুলো ইউপি চেয়ারম্যান মোকলেছুর তাঁর বাড়িতে নিয়ে যান। বর্তমানে সেতুটি শূন্যে ঝুলে থাকায় মরণফাঁদে পরিণত হয়েছে। করা হয়নি কোনো সংযোগ সড়কও। সে কারণে চার গ্রামের প্রায় ২০ হাজার লোকের যাতায়াতে দুর্ভোগ হয়েছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হলে নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে