
ফেনীর দাগনভূঞা উপজেলার কাটাখালী নদীর ভাঙনে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে একটি স্কুলভবন। এতে আতঙ্কে রয়েছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
কাটাখালী নদীর ভাঙনে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের করিম উল্যাহ উচ্চবিদ্যালয়ের একটি ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ২০১৬ সালে পাঁচ কক্ষের ভবনটি তৈরি করা হয়। ভবনটিতে সপ্তম শ্রেণির পাঠদান, নবম ও দশম শ্রেণির গ্রুপভিত্তিক পাঠদান চলে। এ ছাড়া এখানে স্কুলের লাইব্রেরি ও ছাত্রীদের নামাজের স্থান রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সাম্প্রতিক ভারী বৃষ্টিতে স্কুলভবনটির নিচের মাটি অনেকটাই সরে গেছে। ভবনের উত্তর পাশের অংশে ফাটল দেখা দিয়েছে। পাশাপাশি স্কুলের শহীদ মিনারের বিভিন্ন অংশেও ফাটল ধরেছে।
স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী আদনান বিন আলম বলে, ‘কখন পুরো ভবন নদীতে তলিয়ে যায়, তা নিয়ে আমরা আতঙ্কিত। ভবনটি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’
স্কুলের প্রধান শিক্ষক গোলাম বাছির ভূঞা বলেন, নদীভাঙনের কারণে ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো সময় নদীগর্ভে বিলীন হতে পারে। বিষয়টি উপজেলা প্রশাসন ও শিক্ষা কর্মকর্তাদের জানানো হয়েছে।
স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মাঈন উদ্দিন আজাদ বলেন, ‘বর্তমানে ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। নদীর তীরে ভাঙনরোধে টেকসই কাজ করা জরুরি। অন্যথায় পানির স্রোতে যেকোনো সময় ভবনটি ধসে পড়বে। ইতিমধ্যে ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। ভবনটিতে পাঠদান করা সম্ভব নয়। তাই পুনর্নির্মাণের জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা কামনা করছি।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল বলেন, ‘ভবনটি পরিদর্শন করেছি। ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে পাঠদান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’
ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. ফুয়াদ হাসান জানান, নদীভাঙন রোধে বিশ্বব্যাংকের একটি প্রকল্প অনুমোদিত হয়েছে। শিগগির কাজ শুরু হবে।
দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীদুল ইসলাম বলেন, স্কুলভবনটি রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে