
ফেনী জেলায় অস্ত্রের মুখে এক ব্যবসায়ীকে জিম্মি করে গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর র্যাব ক্যাম্পসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা যায়, কোরবানির ঈদ উপলক্ষে পাঁচ দিন আগে ১০টি গরু এনে মহাসড়কের রামপুর র্যাব ক্যাম্পসংলগ্ন এলাকায় রাখেন মৌসুমি ব্যবসায়ী দেলোয়ার হোসেন। সড়কের পাশে গরুগুলো বেঁধে রেখে একজন রাখাল দেখাশোনা করছিলেন। শুক্রবার দিবাগত রাত ৩টা পর্যন্ত রাখাল গরুগুলো পাহারা দিয়ে পরে ঘুমাতে যান। এরপর দেলোয়ার নিজেই গরুগুলো পাহারা দিচ্ছিলেন। ভোর ৪টার দিকে হঠাৎ চার ব্যক্তি দেশীয় অস্ত্র ও ধারালো রামদা নিয়ে এসে তাঁকে ভয়ভীতি দেখায়। একপর্যায়ে তারা গরুর দড়ি কেটে একটি গরু গাড়িতে তুলে নিয়ে যায়। দেলোয়ারের চিৎকার শুনে তাঁর ভাই ঘর থেকে বের হয়ে ধাওয়া করলেও অভিযুক্তরা পালিয়ে যায়।
ভুক্তভোগী ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে বিক্রির জন্য ঋণ নিয়ে ১০টি গরু কিনেছিলাম। গরুগুলো র্যাব ক্যাম্পসংলগ্ন এলাকায় বেঁধে রেখে পাহারা দিচ্ছিলাম। ভোরে হঠাৎ চারজন লোক অস্ত্রের মুখে আমাকে জিম্মি করে একটি গরু গাড়িতে তুলে নিয়ে যায়। তাদের গাড়ির পিছু নিয়েও আটকানো সম্ভব হয়নি। গরুটি উদ্ধার এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
এ ঘটনার পর থেকে সেখানে অবস্থানরত অন্য গরু ব্যবসায়ীদের মাঝেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাঁরা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্যাম্পের পাশেই এমন ছিনতাইয়ের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ঈদকে সামনে রেখে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে গরু কিনেছেন তাঁরা। এখন নিরাপত্তাহীনতায় চরম দুশ্চিন্তায় রয়েছেন ব্যবসায়ীরা।
একাধিক গরু ব্যবসায়ী অভিযোগ করে বলেন, রাতভর গরু পাহারা দিয়েও তাঁরা নিরাপদ বোধ করছেন না। দ্রুত জড়িতদের গ্রেপ্তার এবং পশুর হাট ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানান তাঁরা।
মো. সেলিম নামে আরেক মৌসুমি ব্যবসায়ী বলেন, ‘১২ দিন আগে বিক্রির জন্য ৪৫টি গরু এখানে এনেছি। আমরা এই স্থানেই গরুগুলো রেখে ব্যবসা পরিচালনা করছি। ফেনীতে এর আগেও ব্যবসায়ীকে হত্যা করে কোরবানির গরু লুট ও রাখালকে গুলি করে খামার থেকে গরু লুটের ঘটনা ঘটেছিল। এবারও মৌসুমের শুরুতেই এমন একটি ঘটনা ঘটেছে। এর মধ্যে যেখান থেকে গরু নিয়ে গেছে সেটির পাশেই র্যাব-৭-এর ক্যাম্প রয়েছে। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের মাঝে উদ্বেগ বিরাজ করছে।’
এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগও আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে