
ফরিদপুর-৪ আসনের অংশ ভাঙ্গা উপজেলায় নৌকার প্রার্থীর সমর্থকদের রান্না করা কয়েক পাতিল খিচুড়ি মাটিতে ফেলে নষ্ট ও নৌকার পক্ষে প্রচার বন্ধ করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য নিক্সন চৌধুরীর সমর্থকদের বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাত ৭টার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই আসনের আওয়ামী লীগের প্রার্থী কাজী জাফর উল্যাহর অনুসারী স্থানীয় আওয়ামী লীগ নেতা ফিরোজ মাতুব্বর ইউপি চেয়ারম্যান মুনসুর মুন্সিসহ কয়েক জনের নামে থানায় অভিযোগ দিয়েছেন। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে ফিরোজ মাতুব্বরের বাড়ির উঠানে শুক্রবার রাতে একটি আলোচনা সভার আয়োজন করেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ উপলক্ষে কয়েক পাতিল খিচুড়ি রান্না করা হয়। একপর্যায়ে ১০-১৫টি মোটরসাইকেলে চেপে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুনসুর মুন্সি এবং বাহার হাওলাদার, মনির হাওলাদার, মজিবুর মুন্সি, কবির মুন্সিসহ অজ্ঞাত আরও ২০ জন হঠাৎ সেখানে উপস্থিত হন। এ সময় মোটরসাইকেলগুলো আলোচনা সভা যে উঠানে হয় তার পাশ দিয়ে অতিরিক্ত হর্ন বাজিয়ে শক্তির মহড়া এবং ক্ষমতা প্রদর্শনসহ ত্রাস সৃষ্টির চেষ্টা করে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, উপস্থিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে অকথ্য ভাষায় গালি দিয়ে বিজয় দিবস উদ্যাপনের জন্য রান্না করা কয়েক পাতিল খিচুড়ি মাটিতে ফেলে নষ্ট করেন চেয়ারম্যানের লোকজন। পরে আলোচনা সভা দ্রুত বন্ধ করে সবাইকে উঠান ত্যাগ করতে বলা হয়। না হলে খুন-জখমের হুমকি দেন ইউপি চেয়ারম্যান ও তাঁর সহযোগীরা। এতে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ নারী-পুরুষ ভয়ে ছোটাছুটি করে সভাস্থল থেকে অন্যত্র পালিয়ে যান।
কাজী জাফর উল্লাহর সমর্থক ঘারুয়া ইউপির সাবেক চেয়ারম্যান জাকির হোসেন বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের এমন ক্ষমতার অপব্যবহার নতুন কিছু নয়। ইতিপূর্বে অনেক মামলা-হামলার শিকার হয়েছেন এই ইউনিয়নের নৌকার কর্মীরা। তাই, এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচারসহ ইউপি চেয়ারম্যান ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
স্বতন্ত্র প্রার্থী এমপি নিক্সন চৌধুরীর সমর্থক ইউপি চেয়ারম্যান মুনসুর মুন্সি জানান, এ ধরনের কোনো ঘটনা তাঁর এলাকায় ঘটেনি। তাঁর বিরুদ্ধে নৌকার সমর্থক নেতা-কর্মীদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
ভাঙ্গা থানার ওসি এম এ জলিল বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৪ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১০ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
১৯ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে