
ফরিদপুরের সদরপুরে দুস্থদের মধ্যে ১০ টাকায় একটি করে ইলিশ বিতরণের সময় লুটপাটের ঘটনা ঘটেছে। মাছ না পেয়ে হতদরিদ্র অনেকে ক্ষুব্ধ হয়ে ঘেরাও করে রাখেন বিতরণকারীকে। আজ বুধবার দুপুরে উপজেলা সদরের বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
আজ বেলা ১১টার দিকে ওই স্কুলমাঠে উপজেলার ৬০০টি দুস্থ পরিবারের মাঝে নামমাত্র ১০ টাকায় প্রতি পিস ইলিশ বিতরণের আয়োজন করেন পার্শ্ববর্তী চরভদ্রাসন উপজেলার বাসিন্দা ও ব্যবসায়ী মুফতি রায়হান জামিল।
বর্তমানে তিনি ঢাকার যাত্রাবাড়ী দোলাইরপাড়ে একটি কোচিংয়ে শিক্ষকতার পাশাপাশি ফ্ল্যাট ব্যবসার সঙ্গে জড়িত। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হতে চান বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
আয়োজক ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৬০০ দুস্থ পরিবারের মধ্যে ১০ টাকা মূল্যে প্রতি পিস ইলিশ বিতরণের জন্য চার মণ মাছের ব্যবস্থা করেন রায়হান জামিল। প্রতিটি মাছের ওজন ২৫০ গ্রামের মধ্যে। বাজারমূল্য প্রতি কেজি ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা। সে হিসাবে প্রতি পিস মাছের মূল্য ২৫০ থেকে ৩০০ টাকা।

ঘটনার পর কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ১০ টাকায় ইলিশ বিক্রির বিষয়ে আগের দিন মাইকিং করা হয়। এমন খবরে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে মানুষ সেখানে হুমড়ি খেয়ে পড়ে। একপর্যায়ে সেখানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন স্বেচ্ছাসেবী সদস্যরা। তখনই লুটপাট শুরু হয়। এ সময় পদদলিত হয়ে আহত হন অন্তত ছয়জন।
একপর্যায়ে দ্রুত স্থান ত্যাগ করেন রায়হান জামিল। পরে তিনি পার্শ্ববর্তী ভাষণচর ইউনিয়ন পরিষদ এলাকায় পৌঁছালে মাছ না পাওয়া ক্ষুব্ধ জনতা তাঁর গাড়ি ঘেরাও করেন। এমন পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় কোনোমতে তিনি সেখান থেকে রক্ষা পান।
ইলিশ নিতে আসা বৃদ্ধ জোহুরা বেগম আক্ষেপ করে বলেন, ‘আমরা গরিব মানুষ। ১০ টাকায় ইলিশ দেওয়ার খবর মাইকে শুনে সকালে স্কুলমাঠে আসি। কয়েক ঘণ্টা দাঁড়িয়ে থেকে প্রায় অসুস্থ হয়ে পড়েছি। কিন্তু মাছ না পেয়ে খালি হাতে ফিরতে হয়।’
ইলিশ নিতে আসা স্থানীয় বাসিন্দা নুরু শেখ বলেন, ‘মাত্র ১০ টাকার বিনিময়ে ইলিশ দেওয়া হবে—এ খবর শুনে সকাল থেকে স্কুলমাঠে দাঁড়িয়ে ছিলাম। কিন্তু মাছের চেয়ে মানুষ বেশি। তাই মাছ না পেয়ে খালি হাতে ফিরতে হলো। এ সময় মানুষের ধাক্কাধাক্কি, মারামারি লেগে যায়। পরে দেখি এমপি প্রার্থী নিজেই পালিয়ে যাচ্ছেন।’
স্থানীয় বাসিন্দা মো. টিটু ইসলাম বলেন, তিনি কত মানুষকে ইলিশ মাছ দেবেন, এর কোনো নির্দিষ্ট ঘোষণা দেননি। তবে তিনি ৬০০ পিস ইলিশ মাছ (সাড়ে চার মণ) দেওয়ার জন্য আনেন। কিন্তু মানুষের সংখ্যা ছিল কমপক্ষে দুই হাজার। মানুষ ইলিশ না পেয়ে হট্টগোল শুরু করেন।
এসব বিষয়ে জানতে চাইলে মুফতি রায়হান জামিল আজকের পত্রিকাকে বলেন, ‘যাঁদের ইলিশ কিনে খাওয়ার সামর্থ্য নেই, তাঁদের জন্য এই উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু কিছু দুষ্কৃতকারী ইচ্ছাকৃতভাবে বিপুল লোকের সমাগম ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং লুটপাট করে আয়োজন ভন্ডুল করে দেয়। পরে নিরাপত্তাজনিত কারণে আমাকে দ্রুত সেখান থেকে সরে আসতে হয়।’
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, ‘আমি আগেই সতর্ক করেছিলাম। আমাদের কোনো কথা না শুনে নিজের ইচ্ছেমতো এই ইলিশ বিতরণ কার্যক্রম চালান। পরে বিশৃঙ্খলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।’

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৭ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে