
ফরিদপুরে আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ সভা ঘিরে আবারও উত্তেজনার সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে সভা শুরু হওয়ার কথা থাকলেও প্রশাসন গিয়ে কার্যক্রম বন্ধ করে দিয়েছে।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কায় সভাটি বন্ধ করা হয়েছে। এ ছাড়া শ্রমিকদের অপর পক্ষের অভিযোগ, সভার ব্যানারে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের কারও ছবি রাখা হয়নি।
সকালে শহরের গোয়ালচামট এলাকায় পুরাতন বাসস্ট্যান্ডসংলগ্ন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার এ সাধারণ সভার আয়োজকদের আওয়ামী লীগের দোসর ও আইনশৃঙ্খলার অবনতি ঘটার শঙ্কা রয়েছে উল্লেখ করে জেলা প্রশাসকের কাছে সংগঠনটির সদস্য মো. খায়রুল বাশার সবুজ লিখিত অভিযোগ করেন।
জানা গেছে, সকাল ১০টার দিকে সাধারণ সভার কার্যক্রম শুরুর প্রস্তুতি নেন সংগঠনটির সভাপতি আব্দুল মান্নান শেখ মানা, সাধারণ সম্পাদক গোলাম মো. আজাদসহ শ্রমিকদের একাংশ। তাঁরা হলরুমে সাধারণ সভার ব্যানার টাঙানো ও প্যান্ডেল করার প্রস্তুতি নেন। সভা শেষে দরিদ্র শ্রমিক পরিবারের মধ্যে ক্ষতিপূরণের টাকা ও খাদ্য বিতরণের কর্মসূচি ঘোষণা করা হয়।
এদিকে খবর পেয়ে জেলা শ্রমিক দলের একাংশের সভাপতি মোজাফফর আলী মুসার নেতৃত্বে শ্রমিকদের একটি পক্ষ সেখানে অবস্থান করে। পরে থানা-পুলিশ গিয়ে সভা বন্ধ করে দেয়। এর আগে গত ২৮ জুন সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেদিনও একটি পক্ষের বাধায় তা পণ্ড হয়ে যায়।
বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, অনুষ্ঠানস্থলের প্রবেশপথ বন্ধ এবং দরজায় তালা ঝুলছে। সামনে পুলিশের ২০ থেকে ৩০ জন সদস্য অবস্থান করছেন। বাইরে জেলা শ্রমিক দলের একাংশের সভাপতি মোজাফফর আলী মুসাসহ তাঁর সমর্থিত শ্রমিকেরা অবস্থান করছেন। দুপুর ১২টার দিকে রান্না করা আট পাতিল খাবার পৌরসভার বাস টার্মিনালে নিয়ে যাওয়া হয়।
মোজাফফর আলী মুসা সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের ছত্রচ্ছায়ায় এ সাধারণ সভার আয়োজন করা হয়েছে, যার সঙ্গে শ্রমিকদের কোনো সম্পৃক্ততা নেই, শ্রমিক দলের সঙ্গে সম্পৃক্ততা নেই। তাঁরা আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের দোসর হয়ে আজকে তাঁরা মঞ্চ করেছেন।
মোজাফফর আলী আরও বলেন, ‘এই মঞ্চের ব্যানারে তারেক রহমান, খালেদা জিয়া ও শহীদ জিয়াউর রহমানের কোনো ছবি নেই। ফরিদপুর জেলা শ্রমিক দল জীবিত থাকতে ফরিদপুরের মাটিতে আওয়ামী লীগ ও কোনো সংগঠনকে প্রতিষ্ঠিত হতে দেব না। এই ফ্যাসিবাদের দোসররা গোপনে ঢাকা থেকে সাধারণ সভার অর্ডার করে এনে গোপনে সভার আয়োজন করে। জেলা শ্রমিক দলকেও অবগত করা হয়নি। তাঁরা শ্রমিকদের ও জেলা শ্রমিক দলকে লাঞ্ছিত করেছেন। যে কারণে আমরা প্রতিহত করতে এসেছি।’
অপর দিকে সংগঠনটির সভাপতি আব্দুল মান্নান শেখ মানা নিজেকে জেলা শ্রমিক দলের অপর আরও একটি অংশের সাধারণ সম্পাদক পরিচয় দেন। তিনি বলেন, ‘কী কারণে তাঁরা এসব করছেন, আমি জানি না। একটি পক্ষ প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছে, যে কারণে পুলিশ এসে বন্ধ করে দিয়েছে। আমি আজকের পর থেকে আর শ্রমিক রাজনীতি করব না।’

এদিকে সভা স্থগিত হওয়ার কারণে সাধারণ শ্রমিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক বলেন, ‘সাধারণ সভা সম্পন্ন হলে নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে। আমরা সেটাই চাই।’
জানতে চাইলে কোতোয়ালি থানার পরিদর্শক মো. আব্দুল্লাহ বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, এই সভা ঘিরে একটি পক্ষ অভিযোগ করেছিল এবং আইনশৃঙ্খলার অবনতি হওয়ার শঙ্কা ছিল। যে কারণে আপাতত সভা বন্ধ রাখা হয়েছে। উভয় পক্ষ যদি একমত হতে পারে, তাহলে সভা করতে দেওয়া হবে। সকাল থেকে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৩ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩৬ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে