সম্পদের তথ্য গোপন করায় সাবেক যুবলীগ নেতা ও ফরিদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদৎ হোসেনের স্ত্রী তানিয়া আক্তার রুমার (৪৬) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের অভিযোগ আনা হয়েছে।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর দুর্নীতি দমন সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন সহকারী পরিচালক মোস্তাফিজ।
জানা গেছে, তানিয়া আক্তার রুমার স্বামী শাহাদৎ হোসেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ছিলেন এবং ২০২২ সালের সেপ্টেম্বরে ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া তিনি সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি ফরিদপুরে অনুষ্ঠিত দুদকের গণশুনানিতে তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করেন এক ব্যক্তি। যার পরিপ্রেক্ষিতে পরদিন ২৩ ফেব্রুয়ারি শাহাদৎ হোসেনসহ তাঁর স্ত্রীর সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়ে চিঠি দেয় দুদক। এরপর একই বছরের ১৬ এপ্রিল সম্পদ বিবরণী দাখিল করেন।
দুদকে দাখিল করা মামলায় উল্লেখ করা হয়েছে, শাহাদৎ হোসেনের স্ত্রী তানিয়া আক্তার রুমার দাখিল করা সম্পদ বিবরণীতে অসংগতি ধরা পড়ে। তাঁর দাখিল করা সম্পদ বিবরণীতে স্থাবর ও অস্থাবর সম্পদ দেখানো হয়েছে ১ কোটি ৮৮ লাখ ৭৮ হাজার ৯২৬ টাকা মূল্যের। কিন্তু দুদকের অনুসন্ধানে ২ কোটি ১২ লাখ ১১ হাজার ৭০৬ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ উঠে আসে। তাতে ২৩ লাখ ৩২ হাজার ৭৮০ টাকা মূল্যের সম্পদ গোপন করা হয়।
এ ছাড়া সম্পদ বিবরণীতে ব্যক্তিগত ঋণ, হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন থেকে ঋণ এবং ন্যাশনাল ব্যাংক থেকে ঋণ ৭৮ লাখ ৩৬ হাজার ৬১৬ টাকা দেখানো হয়; কিন্তু দুদকের যাচাইকালে সম্পদ বিবরণী দাখিলের আগেই তা পরিশোধ করা হয়েছে বলে উঠে আসে, যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় অপরাধ সংঘটন করেছেন বলে বাদী জানান।
মামলায় আরও উল্লেখ করা হয়, আসামি তানিয়া আক্তার রুমা ২০১৪-১৫ অর্থবছরে প্রথম আয়কর নথি খোলেন। ওই বছরে তিনি করযোগ্য আয় দেখিয়েছিলেন ৩ লাখ ৫ হাজার ৪৭৬ টাকা। পাশাপাশি বৈধ আয়ের পরিমাণ দেখিয়েছিলেন ৫৫ লাখ ১ হাজার ১৬২ টাকা এবং উক্ত সময়ে পারিবারিক ও অন্যান্য ব্যয় দেখিয়েছিলেন ৩০ লাখ ৮০ হাজার ৪০০ টাকা।
এ ছাড়া ওই বছরের আয়কর রিটার্ন দাখিলের আগে ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের স্থাবর সম্পদ অর্জন করেছেন বলে উল্লেখ করেন। সেই হিসাবে ওই সময়ে তিনি ২৫ লাখ ৩০ হাজার ৭৬২ টাকা মূল্যের মোট সম্পদের মালিক ছিলেন। কিন্তু দুদকের অনুসন্ধানকালে ২ কোটি ১২ লাখ ১১ হাজার ৭০৬ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ উঠে আসে; যা আগের দাখিল করা সম্পদ বিবরণীর জ্ঞাত আয় থেকে ১ কোটি ৮৬ লাখ টাকা মূল্যের সম্পদের অসংগতি রয়েছে এবং দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় অপরাধ সংঘটন করেছেন বলে বাদী উল্লেখ করেন।
বিষয়টি নিশ্চিত করে সহকারী পরিচালক ও মামলার বাদী মোস্তাফিজ আজকের পত্রিকাকে বলেন, ‘শাহাদৎ হোসেন ও তাঁর স্ত্রীর নামে একই সঙ্গে সম্পদ বিবরণী দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। যার মধ্যে তানিয়া আক্তার রুমার বিষয়টি প্রতীয়মান হওয়ায় মামলা করা হয়েছে। তাঁর নামে ঢাকায় দুটি ফ্ল্যাট এবং ফরিদপুর ও খুলনায় জমি রয়েছে। এ ছাড়া শাহাদৎ হোসেনের বিষয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে, আশা করি, তাঁর বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে