Ajker Patrika

উত্তরায় শপিং মলে ভাঙচুর-লুটপাট: দুই মামলায় রিমান্ডে ১৬ জন

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
উত্তরায় শপিং মলে ভাঙচুর-লুটপাট: দুই মামলায় রিমান্ডে ১৬ জন
ফাইল ছবি

রাজধানীর উত্তরা এলাকার ‘উত্তরা স্কয়ার’ শপিং মলে ভাঙচুর, লুটপাট ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া দুটি পৃথক মামলায় গ্রেপ্তার ১৬ জনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহমেদ।

ওসি বলেন, ‘উত্তরা স্কয়ার’ মার্কেটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় হামলার পরের দিন একটি মামলা করা হয়েছে। সে সঙ্গে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করেছে।

ওসি রফিক আরও বলেন, দুই মামলায় এখন পর্যন্ত মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারের পর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে পাঠানো হয়। পরে আদালত শুনানি শেষে প্রত্যেকের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে থাকা ব্যক্তিরা সবাই দুটি মামলারই আসামি।

এর আগে, গত রোববার রাতে উত্তরা ১৩ নম্বর সেক্টরের উত্তরা স্কয়ার শপিং মলে এক রিকশাচালকের সঙ্গে নিরাপত্তাকর্মীদের বাগ্‌বিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওই রিকশাচালককে হত্যা করে লাশ গুম করা হয়েছে—এমন গুজব ছড়িয়ে উত্তেজিত জনতা লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে শপিং কমপ্লেক্সে হামলা চালায় এবং লুটপাটে জড়িয়ে পড়ে। এতে কমপ্লেক্সটির প্রায় ৯ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে উত্তেজিত জনতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইটপাটকেল নিক্ষেপ করে এবং সড়কে আগুন ধরিয়ে দেয়।

ঘটনার পর শপিং কমপ্লেক্সটির ইলেকট্রিশিয়ান আরিফুল ইসলাম বাদী হয়ে ভাঙচুর ও লুটপাটের মামলা করেন। অন্যদিকে পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক মামলা করে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দুই বছরের কন্যাকে নিয়ে ২৩ তলা থেকে বাবার ঝাঁপ, দুজনেরই মৃত্যু

সব লঞ্চার ‘ধ্বংসের’ পরও এত ড্রোন-ক্ষেপণাস্ত্র কীভাবে ছুড়ছে ইরান, আর কত অবশিষ্ট

ইরান এতগুলো দেশে হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প

চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

যুক্তরাষ্ট্রের ১৩ বিলিয়ন ডলারের রণতরিতে ৩০ ঘণ্টা ধরে আগুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত