
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ভেলাপচার পল্লিচিকিৎসক মো. রেজাউল করিম ওরফে আবু ডাক্তারকে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রহিবুল ইসলাম আজ মঙ্গলবার এই মামলার রায় ঘোষণা করেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার ১০ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন বাবলু সরদার, টোকন সরদার ও গাজীয়ার সরকার। যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আতর আলী চেয়ারম্যান, রায়হান সরদার, হাবিবুর রহমান হবি সরদার, হেলাল খান, জিল্লুর রহমান ও জিয়া মণ্ডল। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে ১২ জন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ১০ জন খালাস পেয়েছেন। অপর দুজন জিল্লুর রহমান ও জিয়া মণ্ডলের সাজা হওয়ায় তাঁদের সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। সাজাপ্রাপ্ত অন্য আসামিরা পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
ট্রাইব্যুনালের বিশেষ পিপি আব্দুর রশীদ মোল্ল্যা এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৯ সালের ১৪ অক্টোবর গোয়ালন্দের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন চলাকালে সাবেক চেয়ারম্যান আতর আলীর ছেলে যুবলীগ নেতা বাবলু সরদারের সঙ্গে দেবগ্রাম ইউপির চেয়ারম্যান হাফিজুল ইসলামের কথা-কাটাকাটি হয়। এর জেরে আতর আলীর নেতৃত্বে বাবলু সরদার, টোকন সরদার, রায়হান সরদার, গাজীয়ার সরদারসহ বেশ কয়েকজন আতর আলী বাজারের তিন রাস্তার মোড়ে অবস্থান নেন।
হাফিজুল চেয়ারম্যানের সমর্থকেরা সেই পথ দিয়ে ফেরার পথে তাঁদের আটকে মারধর করা হয়। সে সময় সেখান দিয়ে ফিরছিলেন আবু ডাক্তার। তাঁকেও আটক করে মারধর করা হয়। এতে গুরুতর আহত হন তিনি। তাঁকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান। এই ঘটনায় গোয়ালন্দ থানায় হত্যা মামলা করা হয়।
মামলাটির তদন্ত শেষে ২০২২ সালের ৫ অক্টোবর ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে