
অনুমোদন ছাড়াই ২৮ কোটি ৭৫ লাখ ৩৯ হাজার ৬৯৮ টাকা কর প্রত্যর্পণ (ট্যাক্স রিফান্ড) করে সাজা পেলেন রংপুর কর অঞ্চলের সার্কেল-১-এর (কোম্পানিজ) উপকর কমিশনার সাজিদ খান। তাঁর বেতন গ্রেডের এক ধাপ অবনমিতকরণ করা হয়েছে। এতে বেতন কমেছে ২ হাজার ২৭০ টাকা।
গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) কর-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন আইআরডি সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
প্রজ্ঞাপনে বলা হয়, সাজিদ খান উপকর কমিশনার হিসেবে কর অঞ্চল খুলনায় সার্কেল-১-এ (কোম্পানিজ) দায়িত্ব পালনকালে বিআরবি কেব্ল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২০১৮-১৯ ও ২০১৯-২০ কর বছরের আয়কর মামলায় দাবিকৃত উৎসে কর্তিত কর যথাক্রমে ৬৫ কোটি ৪১ লাখ ৮৯ হাজার ৫৫৪ টাকা এবং ৮৫ কোটি ৬৬ লাখ ৬১ হাজার ২৭৪ টাকা কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ক্রেডিট প্রদান করেন এবং কোনো রকম যাচাই-বাছাই না করে আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ১৭৩ ধারায় আইটি ৩০ সংশোধনপূর্বক ২০১৮-১৯ কর বছরে ৩ কোটি ৩৮ লাখ ১৯ হাজার ৬৭ টাকা এবং ২০১৯-২০ কর বছরে ২৫ কোটি ৩৭ লাখ ২০ হাজার ৬৩১ টাকা কর প্রত্যর্পণ (রিফান্ড) সৃষ্টি করেন।
সাজিদ খান কর্তৃপক্ষের প্রাক্ অনুমোদন গ্রহণ না করে করদাতা বিআরবি কেব্লের ২৮ কোটি ৭৫ লাখ ৩৯ হাজার ৬৯৮ টাকা কর প্রত্যর্পণ করে কর্তৃপক্ষের আইনসংগত আদেশ অমান্য করে অসদাচরণ করেছেন। এ রকম কার্যকলাপের জন্য ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর বিধি ৩ (খ) অনুযায়ী ‘অসদাচরণের’ দায়ে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করে কৈফিয়ত তলব করা হয়। অভিযুক্ত কর্মকর্তার কৈফিয়তের জবাব দাখিল ও প্রার্থনার পরিপ্রেক্ষিতে ১৩ নভেম্বর বিভাগীয় মামলার ব্যক্তিগত শুনানি অনুষ্ঠিত হয়।
তাঁর কারণ দর্শানোর জবাব এবং বিভাগীয় মামলা সংশ্লিষ্ট নথি ও অন্য কাগজপত্রসহ প্রাসঙ্গিক সব বিষয় পর্যালোচনায় তাঁর বিরুদ্ধে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কর প্রত্যর্পণ সৃষ্টির অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। ফলে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর ৪ (২) (ঘ) বিধি মোতাবেক তাঁকে ‘বেতন গ্রেডের এক ধাপ অবনমিতকরণের লঘুদণ্ড প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অর্থাৎ তাঁর বর্তমান মূল বেতন ৪৭ হাজার ৬০০ টাকার নিম্ন ধাপ ৪৫ হাজার ৩৩০ টাকা মূল বেতনে অবনমিতকরণ করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে