
মুন্সিগঞ্জের গজারিয়ায় আজ মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে আকস্মিক ঝড়ে অর্ধশতাধিক গাছ উপড়ে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। দুই ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে ঢাকাগামী লেনে যান চলাচল শুরু হয়। বিদ্যুতের খুঁটি ও লাইনের ওপর গাছ ভেঙে পড়ায় পুরো উপজেলা বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়ে।
হঠাৎ তীব্র বাতাসের সঙ্গে ঝড়-বৃষ্টি শুরু হলে প্রায় এক ঘণ্টাজুড়ে তীব্র বজ্রপাত হয়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঝড়ের কারণে উপজেলার বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক গাছ উপড়ে পড়ে। শুধু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশেই ৩০টির মতো গাছ ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। এসব গাছের অধিকাংশই বিদ্যুতের লাইনের ওপর পড়ায় সমগ্র উপজেলা বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা লতিফ ভূঁইয়া বলেন, ‘আমার জীবনে আমি এমন বজ্রপাত দেখিনি। একটানা এক ঘণ্টা বজ্রপাত হলো। বজ্রপাতের তীব্র শব্দে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। কোথাও রাস্তা, কোথাও বৈদ্যুতিক খুঁটির ওপর গাছ ভেঙে পড়েছে। ফলে বিকেল পৌনে ৪টা থেকে বিদ্যুৎ-বিচ্ছিন্ন অবস্থায় রয়েছি আমরা।’
এদিকে মহাসড়কের দুই পাশে গাছ ভেঙে পড়ায় গজারিয়া অংশের ১৩ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
ঢাকাগামী বাসযাত্রী অভিজিৎ দাস অজয় বলেন, ‘যানজটের কারণে প্রায় দুই ঘণ্টা ধরে একই স্থানে বসে আছি। জানি না কখন গন্তব্যে পৌঁছাতে পারব।’
কুমিল্লাগামী ট্রাকচালক রিফাত হাসান বলেন, ‘মেঘনা সেতু পার হওয়ার পর যানজটে পড়েছি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কার্যত বন্ধ। রাস্তায় অসংখ্য গাছ ভেঙে পড়ে আছে। জানি না কখন পরিস্থিতি স্বাভাবিক হবে।’
গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আকস্মিক ঝড়ে মহাসড়কের গজারিয়া অংশে অসংখ্য গাছ ভেঙে পড়েছে। ঝড়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে হাইওয়ে পুলিশ সদস্যরা। সন্ধ্যা ৬টার দিকে ঢাকাগামী লেনে যান চলাচল শুরু হয়েছে। চট্টগ্রামগামী লেন থেকে ভেঙে পড়া গাছ অপসারণের কাজ করছি আমরা। আশা করি, কিছু সময়ের মধ্যে চট্টগ্রামগামী লেনেও যান চলাচল স্বাভাবিক হবে।’
বিষয়টি সম্পর্কে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর গজারিয়া জোনাল অফিসের ডিজিএম মো. আশরাফুল আলম বলেন, ‘বৈদ্যুতিক তারের ওপর অসংখ্য গাছ ভেঙে পড়েছে। আপাতত গজারিয়া উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আমাদের কর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যত দ্রুত সম্ভব বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছি আমরা।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
২ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে