
কুমিল্লায় মা-মেয়ে হত্যাকাণ্ডকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তাঁর মাকে হত্যার আগে শিক্ষার্থীকে ধর্ষণের কথা আদালতে স্বীকার করেছেন মামলার একমাত্র আসামি কবিরাজ মো. মোবারক হোসেন (২৯)। এ ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছেন শিক্ষার্থীর সহপাঠীরা। তাঁরা দ্রুত বিচার ও আসামির ফাঁসির দাবিতে সড়কে নেমেছেন।
আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কয়েক শ শিক্ষার্থী নগরীর কান্দিরপাড় পূবালী চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কুমিল্লা আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে তাঁরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পাশবিক নির্যাতনের পর হত্যা করা শুধু একটি পরিবারের ক্ষতি নয়, বরং পুরো সমাজের জন্য ভয়াবহ হুমকি। আমরা চাই, দ্রুততম সময়ে এই মামলার বিচার শেষ করে আসামির দৃষ্টান্তমূলক ফাঁসি কার্যকর করা হোক।’
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, আসামি মোবারক আদালতে দেওয়া জবানবন্দিতে বলেছেন, ঝাড়ফুঁক দেখানোর নাম করে মা-মেয়েকে অচেতন করেন তিনি। পরে প্রথমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীকে (২৩) ধর্ষণ করেন। পুনরায় ধর্ষণের চেষ্টা করলে মেয়েকে রক্ষা করতে এগিয়ে আসেন মা (৫২)। তখন তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর মেয়েকেও হত্যা করেন মোবারক।
তদন্ত সূত্রে জানা যায়, ৮ সেপ্টেম্বর সকালে নগরীর কালিয়াজুরী এলাকার একটি ভাড়া বাসার দ্বিতীয় তলা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যার সময় তাঁরা দুজনই বাসায় একা ছিলেন। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে সংগ্রহ করা পোশাক, চাদর, বালিশের কাভারসহ গুরুত্বপূর্ণ আলামত সিআইডির ফরেনসিক ও ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
প্রতিবেদন হাতে এলে ঘটনার পূর্ণাঙ্গ চিত্র আরও স্পষ্ট হবে। আমরা মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি।’
পুলিশ জানায়, মোবারকের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার কাবিলপুর গ্রামে। তিনি নগরীর বাগিচাগাঁও কাজীবাড়ি এলাকায় ভাড়া থেকে দীর্ঘদিন কবিরাজি চিকিৎসা ও ঝাড়ফুঁক করতেন।
স্থানীয় বাসিন্দাদের আস্থা অর্জনের জন্য ‘জিন তাড়ানো’সহ নানা কৌশল ব্যবহার করতেন তিনি।
ওসি মহিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধর্ষণচেষ্টার বিষয়টি সামনে এলেও আদালতে দেওয়া জবানবন্দিতে নিশ্চিত হওয়া গেছে যে হত্যার আগে শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছিল। মোবারকই এ ঘটনার একমাত্র খুনি।
বর্তমানে আসামি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। পুলিশ বলছে, ফরেনসিক রিপোর্ট ও আসামির জবানবন্দি মিলিয়ে হত্যার পুরো প্রক্রিয়া আদালতে উপস্থাপন করা হবে।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
১২ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে