
কুমিল্লার চৌদ্দগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে ১৫টি গরুবোঝাই ট্রাক ছিনতাই করেছে সংঘবদ্ধ ডাকাত চক্র। এ ঘটনায় গতকাল রোববার রাতে অজ্ঞাতনামা ৯-১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন গরু ব্যবসায়ী চট্টগ্রামের লোহাগাড়ার মুহাম্মদ আবদুল্লাহ তাওসীফ। আজ সোমবার (১৭ নভেম্বর) রাতে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মো. গুলজার আলম।
মামলায় তাওসীফ উল্লেখ করেন, ১০-১২ বছর ধরে তাঁদের গরু ব্যবসার ক্রয়-বিক্রয় প্রতিনিধি হিসেবে নিযুক্ত রয়েছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জের মো. সেলিম মিয়া। গত শনিবার সেলিম মিয়ার মাধ্যমে কুষ্টিয়া জেলার বাইলপাড়া হাট থেকে ২৮ লাখ ২৮ হাজার টাকা মূল্যের ১৫টি গরু কেনেন। বিকেল সাড়ে ৩টায় রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার ঠাকুরমারা গ্রামের মো. সেলিম ট্রাকে (ঢাকা মেট্রো-ট-২০-৫১৯৮) গরু বোঝাই করে চট্টগ্রামের সাতকানিয়া বিজিবি ক্যাম্প এলাকার উদ্দেশে যাত্রা করেন।
মামলায় আরও উল্লেখ করা হয়, রাত দেড়টার দিকে ট্রাকটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম পৌরসভার সোনাকাটিয়া এলাকায় পৌঁছায়। ওই সময় মহাসড়কে ডিবি পুলিশ পরিচয়ে ৯-১০ জনের একটি দল লেজার লাইট দিয়ে ট্রাকটি থামানোর সংকেত দেয়। সংকেত পেয়ে চালক মো. সেলিম গরুবোঝাই ট্রাকটি থামান। ট্রাকে মাদকদ্রব্য আছে বলে চালক, হেলপার ও গরু ক্রয়-বিক্রয় প্রতিনিধিকে কিল-ঘুষি মেরে অজ্ঞাতনামা ডাকাত চক্র তাদের মাইক্রোবাসে ওঠায়। এরপর সংঘবদ্ধ ডাকাত চক্র তিনজনের মাথায় অস্ত্র ঠেকিয়ে গামছা দিয়ে হাত-পা ও স্কচটেপ দিয়ে মুখ বেঁধে দেয়। চক্রটি তিনজনের ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে ছিনিয়ে নেয়। এ সময় সংঘবদ্ধ ডাকাত চক্রের দুই সদস্য গরুবোঝাই ট্রাকটি চালিয়ে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যান।
এদিকে ট্রাকচালক, হেলপারসহ তিনজনকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে গতকাল দিবাগত ভোররাতে লালমাইয়ে সড়কের পাশে একটি ঝোপে ফেলে যায়। সকালে গরু ব্যবসায়ীর প্রতিনিধি মো. সেলিম মিয়া ব্যবসায়ী তাওসীফের চাচাতো ভাই ইমতিয়াজ মাহমুদকে বিষয়টি জানান। পরে তাঁরা চৌদ্দগ্রাম থানা-পুলিশকেও জানান।
মামলায় অভিযোগ করা হয়, সংঘবদ্ধ ডাকাত চক্র ২৮ লাখ ২৮ হাজার টাকা মূল্যের ১৫টি গরু, ২০ লাখ টাকা মূল্যের ট্রাক, তিনজনের ব্যবহৃত মোবাইল ফোন, নগদ টাকাসহ ৪৮ লাখ ৪৫ হাজার ৩০ টাকার মালামাল লুট করে।
মামলায় আরও উল্লেখ করা হয়, সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্যরা ডিবি পুলিশের পোশাক, জিন্স, ট্রাউজার ও খাকি রঙের প্যান্ট পরিহিত ছিলেন। এর মধ্যে দুজনের হাতে দুটি পিস্তল ও একজনের কাছে একটি হাতকড়া ছিল। তাঁদের বয়স ২৫-৩৫ বছর হবে। প্রত্যেকে কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথাবার্তা বলছিলেন।
আজ রাতে চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, গরুবোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ী আবদুল্লাহ তাওসীফ বাদী হয়ে অজ্ঞাতনামা ডাকাত চক্রের বিরুদ্ধে মামলা করেছেন। সংঘবদ্ধ ডাকাত চক্রকে গ্রেপ্তার করতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৪ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৭ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে