
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আবারও স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. সালমান (২৭) নামে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তাঁর ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উখিয়া সীমান্তের বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাটাপাহাড় পোস্ট সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে শূন্যরেখা থেকে প্রায় ২৫০ গজ ভেতরে ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রোহিঙ্গা যুবক সালমান গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।
আহত সালমান উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৯ ব্লকের বাসিন্দা মো. নিজামত আলীর ছেলে। তিনি কী কারণে মিয়ানমারের অভ্যন্তরে গিয়েছিলেন, তা এখনো জানা যায়নি বলে জানিয়েছে বিজিবি।
এর আগে গতকাল রোববার সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘুমধুম সীমান্তের শূন্যরেখা এলাকায় ওই বিস্ফোরণে তিন পাহাড়ি বাংলাদেশি নাগরিক নিহত হন।
সীমান্তের একাধিক সূত্র ও বিজিবির তথ্যমতে, গত দেড় বছরে নাইক্ষ্যংছড়ি, উখিয়া ও টেকনাফ সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৪০ জনের বেশি মানুষ পা হারিয়েছেন বা গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। এ ছাড়া প্রাণ হারিয়েছেন অন্তত চারজন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির পুঁতে রাখা মাইন থেকে প্রায়ই বিস্ফোরণের ঘটনা ঘটছে। ২০২৪ সালের ডিসেম্বর থেকে মিয়ানমারের সরকারি বাহিনীকে হটিয়ে আরকান আর্মি রাখাইনে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে