
চট্টগ্রামের ফটিকছড়িতে গার্ডের দোকান থেকে নতুন বাজার পর্যন্ত সংযোগ সড়কের পুনর্নির্মাণ প্রকল্পে অনিয়ম, ধীরগতি ও ব্যবস্থাপনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও প্রশাসনিক নির্দেশনা উপেক্ষার অভিযোগে প্রকল্পটি শুরু থেকেই প্রশ্নের মুখে রয়েছে।
এদিকে স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদের মুখে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে উল্টো চাঁদাবাজির অভিযোগ তুলে ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে প্রায় ৪ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ ও ১৮ ফুট প্রশস্ত এই সড়কের কাজ আগামী জুনে শেষ হওয়ার কথা। তবে প্রকল্পের মেয়াদ শেষের পথে হলেও এখন পর্যন্ত অগ্রগতি ১০ শতাংশের কম। প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে এএসবি লিমিটেড ও ফামানটেক করপোরেশন।
অভিযোগ রয়েছে, শুরু থেকেই নিম্নমানের ইটের খোয়া, সুরকি ও বালু ব্যবহার করা হচ্ছিল। এলাকাবাসী প্রতিবাদ জানালে বিষয়টি প্রকাশ্যে আসে। পরে উপজেলা প্রকৌশলীর কার্যালয় কাজ সাময়িকভাবে বন্ধ রেখে নিম্নমানের উপকরণ অপসারণের নির্দেশ দেয়।
তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন না করে আবারও কাজ শুরুর চেষ্টা করা হলে তাঁরা বাধা দেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর পরপরই প্রকল্প কর্তৃপক্ষের পক্ষ থেকে ভূজপুর থানায় চাঁদাবাজির অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, গত ২২ ও ২৯ এপ্রিল কয়েক ব্যক্তি ৬ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং তা না পেয়ে কাজ বন্ধ করে দেন। এই ঘটনায় ছাত্রদল নেতা শরীফসহ চারজনকে অভিযুক্ত করা হয়েছে।
প্রকল্প সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক রাশেদ দাবি করেন, স্থানীয় কয়েকজন ব্যক্তি টেন্ডার না পেয়ে শুরু থেকে কাজে বাধা দিয়ে চাঁদা দাবি করছিলেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তাদের পরামর্শে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান ফামানটেক করপোরেশনের স্বত্বাধিকারী মো. আরিফ বলেন, ইটভাটা থেকে নিম্নমানের খোয়া সরবরাহ করা হয়েছিল, যা পরে সরিয়ে নেওয়া হয়েছে। এরপরও একটি পক্ষ চাঁদা দাবি অব্যাহত রাখায় থানায় অভিযোগ করা হয়েছে।
তবে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিন পরিদর্শন করা হয়েছে। চাঁদাবাজির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। কাজের মান ও অন্যান্য বিষয় সংশ্লিষ্ট অধিদপ্তর দেখবে।
উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী বলেন, কাজের মান নিয়ে অভিযোগ পাওয়ার পর প্রকল্পটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিম্নমানের উপকরণ অপসারণ করে পুনরায় কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। পরিদর্শন শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
৬ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
২৯ মিনিট আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে