Ajker Patrika

চট্টগ্রামের কুদালা খালে বিষ প্রয়োগে দেশি মাছ নিধনের অভিযোগ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 
চট্টগ্রামের কুদালা খালে বিষ প্রয়োগে দেশি মাছ নিধনের অভিযোগ
কুদালা খালে ভেসে উঠছে দেশি মরা মাছ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারার কুদালা খালে বিষ প্রয়োগ করে নির্বিচারে মাছ শিকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (৬ এপ্রিল) বিকেল থেকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের কুদালা খালে বিভিন্ন প্রজাতির দেশি মাছ মৃত অবস্থায় ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। রাতেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। পরে উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ম. রাশিদুল হক চৌধুরী ঘটনাস্থলে গিয়ে বিষ প্রয়োগ করে মাছ শিকারের বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে একটি সংঘবদ্ধ চক্র খালে বিষ ঢেলে মাছ মেরে সকালে তা সংগ্রহ করে বাজারে বিক্রি করছে। বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর অংশ আনোয়ারার কুদালা খালসহ আশপাশের এলাকায় নিয়মিত এভাবে মাছ শিকার করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মো. সেলিম উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র বিষ প্রয়োগ করে মাছ শিকার করছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান তিনি।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার কুদালা খালের স্লুইসগেটসংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে জাল বসিয়ে মাছ ধরছিলেন মো. জমির উদ্দীন ও মোজাম্মেল হক। মাছ ধরার সুবিধার্থে স্লুইসগেটের পানিপ্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিষ প্রয়োগসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন তাঁরা। ঘটনার খবর পেয়ে উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তারা খালের পানি ও মৃত মাছের নমুনা সংগ্রহ করেন।

উপজেলা মৎস্য অফিস সূত্র জানায়, কুদালা খালে বোয়াল, মৃগেল, চিংড়ি, কোরাল, শোল, চিরিংসহ নানা প্রজাতির মাছ পাওয়া যায়। মাছের প্রাচুর্যের কারণে স্থানীয় জেলেদের পাশাপাশি দূরদূরান্ত থেকেও শৌখিন ও পেশাদার মাছ শিকারিরা এখানে আসেন। কেউ জাল বা বড়শি দিয়ে, আবার কেউ ডুব দিয়ে মাছ ধরেন। তবে সাম্প্রতিক সময়ে খালে মাছের পরিমাণ বাড়ায় দ্রুত বেশি মাছ ধরার উদ্দেশ্যে অসাধু একটি চক্র বিষ প্রয়োগ করছে। এতে ছোট-বড় সব ধরনের মাছ মারা যাচ্ছে এবং জলজ পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ম. রাশিদুল হক চৌধুরী বলেন, ‘খালসহ উন্মুক্ত জলাশয়ে বিষ দিয়ে দেশি মাছ ধ্বংস করা দণ্ডনীয় অপরাধ। জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা নদী গবেষক ড. মো. মঞ্জুরুল কিবরিয়া বলেন, ‘বিষ প্রয়োগ করে মাছ মারা অত্যন্ত ক্ষতিকর। এটি শুধু শাখা খালের নয়, দেশের নদ-নদীর জীববৈচিত্র্য ধ্বংসের অন্যতম কারণ। মাছ ধরতে রাসায়নিক দ্রব্য ব্যবহার অবৈধ, অনৈতিক এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে বহু প্রজাতির মাছ ও জলজ প্রাণী মারা যায় এবং মানব স্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত