
এশিয়ার বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে ডিম ছাড়ার মুহূর্তে আবারও পেটে ডিমসহ মা মাছ মাছের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হালদা নদীর রাউজান অংশের আজিমের ঘাট এলাকায় মৃত মৃগেল মাছটি উদ্ধার করে স্থানীয় কয়েকজন ডিম সংগ্রহকারী। মাছটির ওজন ৫ কেজি ১০০ গ্রাম। দৈর্ঘ্য ২ ফুট ৬ ইঞ্চি, প্রস্থ ৫ ইঞ্চি।
হালদা নদীর ডিম সংগ্রহকারী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. রোশাঙ্গীর আলম বলেন, ‘সকালে মৃগেল মা মাছটি ভেসে যেতে দেখে আমরা উদ্ধার করি। এর পেটে তাজা ডিম রয়েছে। দেখে মনে হচ্ছে, মাছটি গতকালই মারা গেছে। মাথায় আঘাতের চিহ্ন আছে। ধারণা করছি, ড্রেজারের আঘাতে মৃগেল মা মাছের মৃত্যু হয়েছে।’
এদিকে হালদায় মা মাছের প্রজনন সময়ে মা মাছ মারা যাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ডিম সংগ্রহকারীরা। তাঁরা বলছেন, ডিম ছাড়ার এই সময়ে একটি মা মাছ মারা যাওয়া হালদার জন্য ভালো লক্ষণ নয়। তাই হালদার প্রতি প্রশাসনের নজরদারি বাড়াতে হবে।
এ বিষয়ে রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আলমগীর হোসেন আজাদী বলেন, ‘আঘাতের কারণে মাছটির মৃত্যু হয়েছে। মাছের পেটে ডিম ছিল। হয়তো কেউ ধরতে গিয়ে মাছটিকে আঘাত করেছে। পরিবেশ সুরক্ষায় মা মাছটি মাটি চাপা দেওয়া হয়েছে। সবাইকে আরও সচেতন হতে হবে। সব সময় তো পাহারা দেওয়া সম্ভব না। তাই নিজেদেরও সজাগ হতে হবে।’
হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শফিকুল ইসলাম বলেন, ‘বর্তমানে হালদা নদীতে চলছে কার্পজাতীয় মা মাছের প্রজনন মৌসুম। প্রজননের এই ভরা মৌসুমে হালদা নদী থেকে মৃত মৃগেল মা মাছ উদ্ধার করা হলো। এর আগেও চলতি মাসের প্রথম সপ্তাহে পাঁচ কেজি ওজনের একটি মৃত কাতলা মা মাছ উদ্ধার করা হয়েছিল। প্রজননের এই সময়ে মা মাছের মৃত্যু খুবই উদ্বেগজনক। কার্পজাতীয় মা মাছ যেন নিরাপদে ডিম ছাড়তে পারে তাই অসাধু মৎস্যশিকারি থেকে মা মাছ রক্ষা, ইঞ্জিনচালিত নৌযান বন্ধ ও দূষণের থেকে হালদা নদীর জলজ বাস্তুতন্ত্রকে স্বাভাবিক রাখতে হালদা ও শাখা খালগুলোতে প্রশাসনিকভাবে নিয়মিত অভিযান ও স্থানীয়ভাবে নজরদারি বৃদ্ধি করতে হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে