
রাঙামাটির কাপ্তাই উপজেলার নতুন বাজারসংলগ্ন আনন্দ মেলার মাঠে বসেছে কোরবানির পশুর হাট। বুধবার (৪ জুন) সকাল ১০টার দিকে হাটে দেখা যায় গরু বিক্রেতারা গরু নিয়ে বসেছেন, আর ক্রেতারা ধীরে ধীরে আসতে শুরু করেছেন। তবে সবচেয়ে বেশি চাহিদা পাহাড়ি গরুর।
প্রতি বছর কোরবানির মৌসুমে পার্বত্য এলাকার বিভিন্ন উপজেলা থেকে পাহাড়ি গরু আসে এই হাটে। বিক্রেতারা জানান, পাহাড়ি গরু স্বাভাবিকভাবে লতা-পাতা, ঘাস ইত্যাদি খেয়ে বড় হয়। ফলে এসব গরুতে চর্বি কম, ইনজেকশন বা কৃত্রিম মোটাতাজাকরণের প্রভাবও থাকে না।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে গরু কিনতে আসা আবু বক্কর, মো. সেলিম ও রমিজ উদ্দিন বলেন, ‘পাহাড়ি গরুর মাংস সুস্বাদু, চর্বি কম। তাই আমরা প্রতি বছর এখান থেকে গরু কিনে থাকি।’
স্থানীয় কয়েকজন ক্রেতা জানান, কয়েক দিনের বৃষ্টির কারণে হাটে আসতে পারেননি। বুধবার সকালে এসে তুলনামূলক কম দামে গরু কিনেছেন। চন্দ্রঘোনা ইউনিয়নের আবু কাওসার জানান, ‘৭০ হাজার টাকায় যে গরুটা কিনেছি, সেটা বাইরে কিনতে হলে লাখ টাকা দিতে হতো।’
গরু ব্যবসায়ী রফিক, জহির, কুদ্দুস ও কালাম বলেন, ‘এ বছর গরু কিছুটা কম। পাহাড়ি সম্প্রদায়ের লোকজন এখন পশু পালনে আগ্রহ হারাচ্ছে। তারা ফল চাষে ঝুঁকছে—ফলে গরুর সরবরাহ কমে গেছে। তবে দাম এখনো নাগালের মধ্যে আছে।’
নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদিন বলেন, ‘এটাই কাপ্তাইয়ের একমাত্র কোরবানির হাট। পাহাড়ি গরুর কারণে এখানকার আলাদা একটা চাহিদা আছে। দাম তুলনামূলক কম হওয়ায় আশপাশের উপজেলার মানুষও এখানে আসে।’
কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. এনামুল হক হাজারী জানান, ‘প্রাণিসম্পদ বিভাগের একটি তিন সদস্যের টিম হাটে সক্রিয় রয়েছে। কোনো পশু অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।’
প্রসঙ্গত, কাপ্তাই উপজেলার এই হাটে প্রতি বছরই কোরবানির আগে গরু কেনাবেচা হয়। দুর্গম পাহাড়ি এলাকা থেকে গরুগুলো ইঞ্জিনচালিত নৌকায় করে কাপ্তাই লেকে এনে বিক্রি করা হয়। এখান থেকে মিনি ট্রাকযোগে রাঙ্গুনিয়া, রাউজানসহ আশপাশের উপজেলায়ও গরু সরবরাহ হয়।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে