
চাঁদপুরের শাহরাস্তিতে নিখোঁজের পর দিন তাসনুহা তাবাসসুম নামের তিন বছরের শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির এক চাচিকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তাসনুহার বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়।
আজ শুক্রবার শিশুটির বাবা রুবেল পাটওয়ারী শাহরাস্তি থানায় হত্যা মামলা করেছেন। এতে সাথী আক্তারকে (২০) আসামি করা হয়।
জানা গেছে, উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পানচাইল গ্রামের পাটওয়ারী বাড়ির ট্রাকচালক রুবেল পাটওয়ারীর শিশুসন্তান তাসনুহা তাবাসসুম গত বুধবার দুপুরে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। বাড়ির কোথাও খুঁজে না পেয়ে একপর্যায়ে বাড়ির পুকুরে ডুবুরি দল নামিয়ে তল্লাশি করানো হয়। পুকুরে জাল ফেলেও শিশু তাসনুহাকে খুঁজে পাওয়া যায়নি। পরে গতকাল দিবাগত রাত ১২টার দিকে বাড়ির লোকজন পুকুরে একটি বস্তা পুকুরে ভাসতে দেখেন। তাঁরা সেটি ওপরে তুলে খুলে দেখেন, ভেতরে শিশুর লাশ।
বিষয়টি থানায় জানানো হলে পুলিশ এসে তাসনুহার লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় পুলিশ ও এলাকাবাসী তল্লাশি চালিয়ে শিশুটির চাচার ঘরের বিভিন্ন স্থানে রক্তের চিহ্ন দেখতে পায়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চাচা রিপন পাটওয়ারী ও চাচি সাথী আক্তারকে আটক করে।
চিতোষী পূর্ব ইউনিয়ন পরিষদর (ইউপি) সদস্য আমিনুল হক বলেন, ‘আমার আগেই সন্দেহ হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর আমি শিশুটির চাচার ঘর তল্লাশি করতে বলি। তখন পুলিশ শিশুটির চাচার ঘর তল্লাশি করে কিছু আলামত দেখতে পায়। পরে তাসনুহার চাচি সাথী আক্তার ও চাচা রিপনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এ সময় জিজ্ঞাসাবাদে সাথী পুলিশের কাছে স্বীকারোক্তি দেন, তিনি শিশু তাসনুহাকে হত্যা করেছেন।’
মামলার বিবরণ থেকে জানা যায়, শিশু তাসনুহা বুধবার সকাল ১০টার দিকে পাশেই তার চাচা রিপনের ঘরে চাচাতো ভাইদের সঙ্গে খেলাধুলা করতে যায়। একপর্যায়ে তার চাচি সাথী ভাতের মাড় গালার সময় তা ছিটকে তাসনুহার শরীরে পড়লে শরীর ঝলসে যায়। তখন তাসনুহা চিৎকার করে করে ওঠে। তার চিৎকার যেন অন্য কেউ শুনতে না পায়, সে জন্য সাথী শিশুটির মুখ ও গলা চেপে ধরেন। এতে শ্বাসরুদ্ধ হয়ে সে মারা যায়। এরপর তাসনুহার মরদেহ কম্বলে পেঁচিয়ে ঘরের আলমারিতে রাখেন। সন্ধ্যায় আলমারি থেকে নামিয়ে বস্তায় ভরে একটা বড় পাতিলে রাখেন। পর দিন বৃহস্পতিবার দুর্গন্ধ ছড়াতে শুরু করলে রিপন দেখেন, তাঁর ভাতিজির লাশ পাতিলে রাখা। এই কথা তিনি তাঁর বড় ভাবি রোজি আক্তারকে বললে তিনি শুনে অচেতন হয়ে পড়েন। পরে সাথী বস্তাবন্দী লাশ ঘরের পেছনে পুকুরে ফেলে দেন।
তাসনুহার বাবা রুবেল পাটওয়ারী বলেন, ‘আমাদের একমাত্র আদরের মেয়ে তাসনুহা তাবাসসুমকে হারাইয়া কী কইরা থাকমু ভাই? আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।’
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার আজকের পত্রিকাকে বলেন, ‘তাসনুহা তাবাসসুম বুধবার থেকে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা ডুবুরি দিয়ে পুকুরে অভিযান চালিয়েও শিশুটিকে পাওয়া যায়নি। পরে পুকুর থেকে বস্তাবন্দী অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আসামি সাথী আক্তারকে চাঁদপুর আদালতে হাজির করা হয়েছে। আটক তাঁর স্বামীকে মামলায় ঘটনার সাক্ষী করা হয়েছে।’

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
২ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
৯ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
১৮ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে