চাঁপাইনবাবগঞ্জ

আমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জে কৃত্রিম সংকট তৈরি করে ক্যারেটের দাম বাড়ানোর অভিযোগ উঠেছে ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে। এতে বাড়তি লোকসানের মুখে পড়েছেন আমচাষি, ব্যবসায়ী ও ভোক্তারা। তবে অভিযোগ অস্বীকার করেছেন ক্যারেট ব্যবসায়ীরা। আর নজরদারি বাড়ানোর কথা বলেছে প্রশাসন।
জানা গেছে, জেলার সবচেয়ে বড় আমের বাজার শিবগঞ্জ উপজেলার কানসাটে। এ ছাড়া গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশন-সংলগ্ন রহনপুর আমবাজার, ভোলাহাট আমবাজার, নাচোলের কালইর মিশ্র ফলবাজার এবং সদর উপজেলার পুরাতন বাজারের সদরঘাট আমবাজারে বড় হাট বসে। এসব বাজারে প্রতিদিন ২৫-৩০ কোটি টাকার আম কেনাবেচা হয়। এসব আম দেশের বিভিন্ন স্থানে নিরাপদে পাঠাতে ক্যারেট ব্যবহার করা হয়। কিন্তু সেই ক্যারেটেই পড়েছে সিন্ডিকেটের থাবা।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, এক নম্বর ক্যারেট ১৫০ টাকায় কিনে ৩৩০ টাকা, দুই নম্বর ৮০ টাকায় কিনে ২৩০ টাকা ও তিন নম্বর ১২০ টাকায় কিনে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ছোট ক্যারেটগুলো ৫০ টাকায় কিনে ৮০ টাকায় বিক্রি করা হচ্ছে।
আম ব্যবসায়ীদের অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২৫-৩০ জন পাইকারি ক্যারেট বিক্রেতা সিন্ডিকেট গড়ে তুলেছেন। তাঁরা মৌসুম শুরুর আগেই ক্যারেটগুলো কিনে স্টক করেছেন। এরপর কৃত্রিম সংকট তৈরি করে তাঁদের সুবিধামতো বাজারে ক্যারেট সরবরাহ করছেন। এখানে আমচাষি ও ব্যবসায়ীদের জিম্মি করে তাঁরা কোটি কোটি টাকা লুফে নিচ্ছেন।
আম ব্যবসায়ী ইসমাঈল হোসেন শামীম খান বলেন, ‘ক্যারেট ব্যবসায়ীরা আমচাষিদের জিম্মি করে অতিরিক্ত টাকা লুফে নিচ্ছে। এখানে তারা অজুহাত দেখাচ্ছে, বেশি দামে কিনে সামান্য লাভ করছে। কিন্তু সেটা তারা মিথ্যা বলছে। তারা সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে। প্রশাসনের তদারকির অভাবে তারা এগুলো করতে পারছে।’
অনলাইন ব্যবসার সঙ্গে জড়িত আমচাষি ও উদ্যোক্তা গোলাম মোস্তফা সুমন বলেন, ‘আমার প্রতিবছর এক হাজারের বেশি ক্যারেট লাগে। এবার বেশি দামে খুচরা বিক্রেতাদের থেকে ক্যারেট কিনছি। ক্যারেটের দাম প্রতিনিয়ত বাড়ছে।’
আম ব্যবসায়ী সাদ্দাম হোসেন বলেন, ‘আমরা ক্ষুদ্র ব্যবসায়ী। সামান্য লাভের আশায় ব্যবসা করি। কিন্তু এ বছর যে হারে ক্যারেটের দাম বাড়ছে, তাতে আমরা হতাশ। ক্যারেট ব্যবসায়ীরা হাজার হাজার ক্যারেট কিনে গুদামজাত করে রেখে মৌসুমে অতিরিক্ত দামে বিক্রি করছে। কিন্তু এবার অস্বাভাবিক দাম নিচ্ছে। তাদের কাছ থেকে ক্যারেট কিনতে আমাদের বাধ্য করছে। কারণ, সিন্ডিকেটের বাইরে শিবগঞ্জে কেউ ক্যারেট বিক্রি করে না।’
জানতে চাইলে কানসাট আমবাজারের ক্যারেট ব্যবসায়ী মো. সেলিম বলেন, ‘ঢাকা থেকে ক্যারেট এনে কখনো ২ টাকা, আবার কখনো ১ টাকা লাভে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করি। আমের মৌসুম শুরুর দিকে এক নম্বর ক্যারেট ২৮০ থেকে ২৯০ টাকা, দুই নম্বর ১৭০ থেকে ১৮০ টাকা, তিন নম্বর ১৪৫ থেকে ১৫০ টাকা ও ছোটগুলো ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি করেছি। আর এখন এক নম্বর ৩০৫ থেকে ৩২০ টাকা, দুই নম্বর ১৯৫ টাকা, তিন নম্বর ১৫০ টাকা ও ছোটগুলো ৮০ টাকায় বিক্রি করছি। আমাদের থেকে খুচরা বিক্রেতারা কিনে ৫ টাকা লাভে ব্যবসা করছে।’
সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছি না।’
শিবগঞ্জের ইউএনও মো. আজাহার আলী বলেন, ক্যারেট ব্যবসায়ীদের সিন্ডিকেটের কথা আমার জানা ছিল না। শিগগির ক্যারেট ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
১৮ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
২২ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
৩০ মিনিট আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১ ঘণ্টা আগে