
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার যেদিকে চোখ যায়, সেদিকেই শুধু সবুজ ধানখেত। প্রতিটি খেতে উঁকি দিচ্ছে ধানের শিষ। ধানখেতের পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকেরা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধান পেকে যাবে। শূন্য গোলা সোনালি ধানে ভরে তোলার আশায় বুক বাঁধছেন কৃষক। ঘরে ধান তুলতে পারলেই কিষান-কিষানিদের সব কষ্ট সার্থক হবে। তাঁদের মুখে ফুটে উঠবে আনন্দের হাসি।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ফরিদগঞ্জে ১০ হাজার ১৪০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও প্রকৃত আবাদ হয়েছে ১০ হাজার ১৫০ হেক্টর জমিতে—যা লক্ষ্যমাত্রার চেয়ে ১০ হেক্টর বেশি। গত মৌসুমে এ উপজেলায় বোরো আবাদ হয়েছিল ১০ হাজার ১২০ হেক্টর জমিতে। চলতি মৌসুমে ১ হাজার ১৫০ জন কৃষকের মাঝে প্রণোদনাস্বরূপ সার, বীজ ও রোগবালাইয়ের কীটনাশক বিতরণ করা হয়েছে। রোগবালাইয়ের উপদ্রব কম থাকায় এবং যথাসময়ে সেচ ও সারের জোগান নিশ্চিত হওয়ায় এবার ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা।
ভাটিরগাঁও এলাকার কৃষক আব্দুর রাজ্জাক বলেন, প্রতিটি ধানখেতে শিষ উঁকি দিচ্ছে। তাঁরা চাষাবাসে ব্যস্ত সময় পার করছেন।
বড়ালী গ্রামের কৃষক ফারুক হোসেন বলেন, এ বছর তিনি ১০ বিঘা জমিতে বোরো চাষ করেছেন। সুস্থ-সবল ধানগাছ দেখে তাঁর মন খুশিতে ভরে উঠেছে।
তবে ধান চাষ নিয়ে অনেক কৃষক হতাশার কথাও জানান। শাসনমেঘ এলাকার কৃষক মোশারফ হোসেন, সাহেবগঞ্জের কাউসার হোসেনসহ অনেকে বলেন, উৎপাদন খরচ ও পরিশ্রমের তুলনায় ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় অনেক চাষি কৃষিকাজে আগ্রহ হারাচ্ছেন। সরকারের কাছে তাঁদের দাবি, সারের মতো ধানের ন্যায্যমূল্য নির্ধারণ করলে প্রান্তিক কৃষকের দুর্দশা দূর হবে।
গুপ্তের বিল এলাকার কৃষক সিরাজুল ইসলাম বলেন, ‘এখন একটাই প্রার্থনা—শেষ দিনগুলোতে আবহাওয়া শান্ত থাকুক। শিলাবৃষ্টি বা কালবৈশাখী যেন আমাদের কষ্টের ফসল নষ্ট না করে।’
উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার বলেন, ‘মাঠপর্যায়ে কৃষকদের নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষকেরা আমাদের পরামর্শ মেনে চলছেন। প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি মৌসুমে বোরোর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। নিবিড় পরিচর্যা ও যথাসময়ে সার-কীটনাশক প্রয়োগে বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে