
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢালীর (৫৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার বেলতী গ্রামে নিজের বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবন থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নজরুল ইসলাম ঢালী ওই ইউনিয়নের বেলতী গ্রামের ঢালী বাড়ির মৃত রুস্তম আলী ঢালীর ছেলে। তিনি বেশ কয়েক বছর খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। রাজনীতিতে যুক্ত হওয়ার আগে তিনি ঠিকাদারি ব্যবসা করতেন।
দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ বিভাগ) রাশেদুল হক চৌধুরী ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চাঁদপুরের একটি দল।
পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে।
পরিবার, পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে নজরুল ইসলাম আর ফেরেননি। রাত ১২টার সময় স্ত্রী জেসমিন আক্তার ও ছেলে জামিউল ইসলাম তাঁর মোবাইলে অনেকবার ফোন দিলেও রিসিভ করেননি তিনি। খোঁজাখুঁজি করেও কোথাও তাঁর সন্ধান পাননি স্বজনেরা।
আজ মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবনের সিঁড়ির রডের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
নিহত নজরুল ইসলাম ঢালীর স্ত্রী জেসমিন আক্তার ও ছেলে জামিউল ইসলাম অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জেরে নজরুল ইসলাম ঢালীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরে লাশ ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। যে চিকন রশি দিয়ে লাশটির গলা ঝোলানো, তা দিয়ে আত্মহত্যা সম্ভব নয়। এ ছাড়া লাশের পা মাটিতে লাগানো ছিল।
পিবিআই চাঁদপুর কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) কবির হোসেন বলেন, ওই ব্যক্তির পায়ের ওপরের অংশে ছেঁছড়ানো দাগ রয়েছে। আর কোনো অংশে আঘাতের চিহ্ন নেই। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।’
ওসি আরও বলেন, ‘এটি একটি রহস্যজনক মৃত্যু। এটি হত্যা, নাকি আত্মহত্যা তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। পিবিআইসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি তদন্ত করছেন।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে