
ভোলায় চারটি ট্রাকবোঝাই ১ হাজার ৪২০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে। এ সময় মো. আরমান (২৭) নামের একজন ট্রাকচালককে আটক করে পুলিশ। অপর তিন ট্রাকের চালকেরা পালিয়ে যান।
গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে দুটি ফেরি থেকে সারবোঝাই ট্রাকগুলো জব্দ করে পুলিশ। ট্রাকচালকেরা এসব সার লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাটের উদ্দেশে যাচ্ছিলেন বলে দাবি করেছেন।
আটক ট্রাকচালক মো. আরমান জানান, ভোলার খেয়াঘাট সড়কে অবস্থিত বাফার গুদামথেকে চারটি ট্রাকে সারবোঝাই করেন। গাড়ি ভাড়া করা লোকটি তাঁদের ইলিশা ফেরিঘাটে আসতে বলেন। সেখান থেকে এসব সার লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাটে নিয়ে যাচ্ছিলেন। ওই ঘাটে পৌঁছার পর সার কোথায় খালাস করা হবে, সেটি জানানোর কথা ছিল। তখন খবর পেয়ে ইলিশা পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ ট্রাকবোঝাই সারগুলো আটক করে।
ভোলার ইলিশা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো. বশির আলম আজ শুক্রবার (৬ মার্চ) দুপুরে আজকের পত্রিকাকে জানান, ভোলায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) গুদাম থেকে চার ট্রাক ইউরিয়া সার কালোবাজারিতে বিক্রির জন্য পাচার হচ্ছিল, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ইলিশা ফেরিঘাটে অভিযান চালায়। এ সময় লক্ষ্মীপুরগামী বেগম রোকেয়া ও কুসুমকলি নামের দুটি ফেরি থেকে চারটি সারবোঝাই ট্রাক জব্দ করা হয়।
বশির আলম আরও জানান, প্রতিটি বস্তায় ৫০ কেজি করে মোট ১ হাজার ৪২০ বস্তা ইউরিয়া সার ছিল; যার পরিমাণ ৭১ টন। সারবোঝাই ট্রাকগুলো ফেরি থেকে নামিয়ে ইলিশা পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য এক ট্রাক চালককে আটক করা সম্ভব হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জানতে চাইলে ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, ‘আমি যতটুকু জানতে পেরেছি, পুলিশের হাতে জব্দ ট্রাকবোঝাই সার বরগুনার বামনা উপজেলার। কিন্তু এই সার লক্ষ্মীপুরের দিকে চলে যাচ্ছিল। তখন পুলিশ খবর পেয়ে চোরাই সন্দেহে সেগুলো আটক করেছে। বিষয়টা তদন্তাধীন।’

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। গত শুক্রবার থেকে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ভিড়ের বড় অংশই মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। রাজধানীর গুলিস্তান এলাকার ফুটপাতের দোকানে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঈদের পোশাক কিনতে এসেছেন গাড়িচালক মো. সেলিম।
৪ ঘণ্টা আগে
গণপরিবহনে নানা বিড়ম্বনা ও হয়রানির অভিজ্ঞতা নারীদের কাছে নতুন কিছু নয়। তাঁদের এই ভোগান্তি লাঘবে স্কুটি চালানো শেখাকে একটি বড় সমাধান হিসেবে মনে করেন পটুয়াখালীর এক স্কুলশিক্ষিকা ওহিদা পাপড়ি। তিনি নিজে স্কুটি চালাতে পারেন।
৪ ঘণ্টা আগে
কুমিল্লার গোমতী নদীর চর ও বাঁধসংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটা চলছেই। অভিযোগ উঠেছে, প্রভাবশালী একটি চক্র প্রকাশ্যে খননযন্ত্র ও ট্রাক দিয়ে নদীর মাটি কেটে নিয়ে যাচ্ছে। মামলা-হুঁশিয়ারির কোনো তোয়াক্কায়ই করছেন না তাঁরা।
৫ ঘণ্টা আগে
বান্দরবানের থানচি উপজেলার অন্যতম পর্যটন স্থান তিন্দু বাজার এলাকায় শুকিয়ে যাওয়া সাঙ্গু নদী থেকে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন চলছে। এসব পাথর গুঁড়া করে বিভিন্ন সরকারি স্থাপনা নির্মাণ প্রকল্পে ব্যবহার করার অভিযোগ উঠেছে।
৫ ঘণ্টা আগে