
সিন্ডিকেটে পদোন্নতি অনিশ্চিত হয়ে পড়ায় বিক্ষুব্ধ হয়ে উঠেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষকেরা। আজ রোববার এক সাধারণ সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষকেরা। পাশাপাশি ক্লাস, পরীক্ষাসহ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন এবং প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তাঁরা।
এই পরিস্থিতির মধ্যেই দুপুরেই সিন্ডিকেট সদস্য ডন তানভির কায়সার ও প্রক্টর রাহাত হোসাইন ফয়সাল পদত্যাগ করেছেন। ফলে অচল হয়ে পড়েছে ববি। যদিও উপাচার্য ড. তৌফিক সিন্ডিকেটের সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছেন।
শিক্ষকদের পদোন্নতি ইস্যুকে কেন্দ্র করে আন্দোলন থামাতে গতকাল শনিবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে জরুরি সিন্ডিকেট সভা হয়। এতে অংশ নেন উপাচার্য, বিভাগীয় কমিশনারসহ ১৪ জন সদস্য। ওই সভায় শিক্ষকদের পদোন্নতির আগে বিশ্ববিদ্যালয়ের আইনের সংবিধি প্রণয়নের সিদ্ধান্ত হয়ে। কিন্তু শিক্ষকেরা মনে করছেন, এই সিদ্ধান্ত উপাচার্য চাপিয়ে দিয়েছেন। ফলে পদোন্নতি ঝুলে পড়ার আশঙ্কায় আছেন শিক্ষকেরা।
উদ্ভূত পরিস্থিতিতে আজ দুপুরে ববির অর্ধ শত শিক্ষক সাধারণ সভায় ক্ষোভ প্রকাশ করেন। সভা শেষে শিক্ষক সমাজের ব্যানারে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষকেরা মনে করেন, শনিবারের সিন্ডিকেট সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান নীতিমালা অনুযায়ী চলমান সংকট সমাধানের চেষ্টা না করে এবং অধিকাংশ সিন্ডিকেট সদস্যর মতামত অগ্রাহ্য করে উপাচার্য নিজের সিদ্ধান্ত চাপিয়ে বিশ্ববিদ্যালয়কে গভীর সংকটে ফেলছেন। এর পরিপ্রেক্ষিতে শিক্ষকদের সাধারন সভায় তিনটি সিদ্ধান্ত হয়। এগুলো হলো- উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে আগামীকাল সোমবার থেকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, একই দিন (সোমবার) থেকে চলমান ক্লাস ও পরীক্ষাসহ সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন এবং প্রশাসনিক দায়িত্ব থেকে শিক্ষকদের পদত্যাগ।
জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিন ও কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক আজকের পত্রিকাকে বলেন, উপাচার্যকে বোঝা কঠিন। তিনি বিশ্ববিদ্যালয়কে গভীর সংকটে ফেলেছেন। সিন্ডিকেট সভায় অন্যদের মতামত উপেক্ষা করে নিজের ইচ্ছা চাপিয়ে দিয়েছেন তিনি। যে কারণে সব শিক্ষক বাধ্য হয়ে ফের আন্দোলনে নামছেন।
অপর সহযোগী অধ্যাপক মো. আব্দুল কাইউম আজকের পত্রিকাকে বলেন, সাধারণ সভায় ৫০ থেকে ৬০ জন শিক্ষক সিদ্ধান্ত নিয়েছেন যে উপাচার্যকে অবাঞ্ছিত করতে হবে। তিনি আমাদের অধিকার ক্ষুণ্ন করছেন। যে কারণে আবারও ক্লাস, পরীক্ষা বন্ধ রেখে শাটডাউনে যাচ্ছেন তাঁরা। এর মাধ্যমে তাঁরা সোমবার থেকে উপাচার্যের কার্যালয়, রেজিস্ট্রার কার্যালয়, হিসাব শাখা শাটডাউন করে দিবেন।
এদিকে আজ দুপুরে শিক্ষকেরা যখন সাধারণ সভা করেন, তখনই খবর আসে সিন্ডিকেট সদস্য ড. তানভীর কায়সার এবং প্রক্টর রাহাত হোসেন ফয়সাল পদত্যাগ করেছেন।
এ প্রসঙ্গে ড. তানভীর কায়সার আজকের পত্রিকাকে বলেন, তিনি সিন্ডিকেট থেকে সদস্য পদে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। এর কারণ হিসেবে তিনি বলেন, ব্যক্তিগত ও শারীরিক চাপ নিতে পারছেন না। তিনি আরও বলেন, সংবিধি প্রণয়নের কারণে শিক্ষকদের পদোন্নতির বিষয়টি ঝুলে গেছে। তাঁদের জন্য কিছু করতে পারছেন না। যে কারণে পদ আঁকড়ে ধরে রাখতে চান না। তাঁর মতে, শিক্ষকদের সঙ্গে আন্দোলনেও থাকবেন, আবার সিন্ডিকেট সদস্যও থাকবেন- এভাবে দুটি জায়গায় থাকা যায় না।
এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ তৌফিক আলম বলেন, ড. তানভীর কায়সার অসুস্থ। তাঁর পদত্যাগপত্র তিনি গ্রহন করেননি। প্রক্টরের পদত্যাগপত্র পাননি। তিনি জানতে চান, ‘আবার আন্দোলনে গেলে শিক্ষকদের লাভ কী? তারা এত দিন গায়ের জোরে সব পেয়ে এসেছেন। তাই গায়ের জোরে পদোন্নতি চান। অধ্যাপক পদে ওনাদের পদ সৃষ্টিই হয়নি। কী করে পদোন্নতি পাবেন? সিন্ডিকেটের সিদ্ধান্ত ওনাদের পছন্দ হয়নি।’
প্রসঙ্গত, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৬০ জন শিক্ষক পদোন্নতির দাবিতে কর্মবিরতি থেকে শুরু করে অসহযোগ আন্দোলন পর্যন্ত করেছেন। এরই ধারাবাহিকতায় গত ৩০ এপ্রিল বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম বিশ্ববিদ্যালয়ের ডিনদের সঙ্গে বৈঠক করে সিন্ডিকেট সভায় তাঁদের দাবি তোলার আশ্বাসে আন্দোলন শিথিল করেন শিক্ষকেরা। গত শনিবার সিন্ডিকেট সভায় পদোন্নতির আগে আইনের সংবিধি প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হলে ক্ষুব্ধ হন শিক্ষকেরা।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে