
বরগুনার আমতলী উপজেলায় রাতের আঁধারে কালিপুরা খাল খাল খনন ও খালের দুই পাড়ের গাছ কেটে সাবাড় করার অভিযোগ উঠেছে কুকুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. কায়েসুর রহমান ফকুর বিরুদ্ধে। খাল খননকাজে অনিয়ম বন্ধের দাবিতে আজ মঙ্গলবার বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্র বলেছে, আমতলী উপজেলা প্রকৌশলীর কার্যালয় গত এপ্রিলে আমতলীর কুকুয়া ইউনিয়নের কালিপুরা খালের ২ হাজার ৫০০ মিটার খাল খননের জন্য দরপত্র আহ্বান করে। ২০ লাখ টাকা ব্যয়ে ওই খননকাজ পান কুকুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. কায়েসুর রহমান ফকু। ২০ মে তিনি খননকাজ শুরু করেন। তবে সেচ দিয়ে খাল খনন করার কথা থাকলেও তিনি সেচ না দিয়ে দায়সারা ভরা খাল খনন করছেন বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া খাল খনন করতে গিয়ে তিনি ভেকু মেশিন দিয়ে খালের দুই পাড়ের হাজার হাজার গাছ কেটে ফেলছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দারা এতে বাধা দিলেও তিনি কথা শুনছেন না। তিন দিন ধরে তিনি রাতের আঁধারে খাল খনন করছেন। এলাকাবাসীর অভিযোগ, খাল খননের নামে সাবেক চেয়ারম্যান হরিলুট করছেন।
স্থানীয় বাসিন্দা মাওলানা আব্দুল জব্বার, নাদিম আহম্মেদ, রাসেল ও খলিল বলেন, খাল কাটার নামে সাবেক চেয়ারম্যান কায়েসুর রহমান ফকু হরিলুট করছেন। খাল সেচ না দিয়েই রাতের আঁধারে খনন করছেন। খালের দুই পাড়ে ভেকু মেশিন দিয়ে হাজার হাজার গাছ কেটে ফেলেছেন। এই খাল খননে কৃষকদের কোনো উপকার হবে না। উল্টো গাছ কেটে তিনি খালপাড়ের মানুষের ক্ষতি করেছেন। খাল খননে সব অনিয়ম দ্রুত বন্ধের দাবি জানান তাঁরা।
স্থানীয় বাসিন্দা মুনসুরা বলেন, ‘মোর কয়ডা গাছ আলহে। হেইয়া মেশিন দিয়া কাইটা ফালাইছে। রাইতে ভরা খাল কাডে। এ্যারে কয় ক্যামন খাল কাডা। মুই এইরহম খাল কাডা মোর বয়সে দেহি নাই।’
কুকুয়া ইউনিয়ন পরিষদ সদস্য মো. আব্দুল আউয়াল ও তাসলিমা বেগম বলেন, ‘সাবেক চেয়ারম্যান প্রভাব খাটিয়ে রাতের আঁধারে ভরা খাল খনন করছেন। তাঁর এমন অনিয়মের বিষয়ে উপজেলা প্রকৌশলীকে জানিয়েছি, কিন্তু তিনি অভিযোগ আমলে নিচ্ছেন না।’
তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে কুকুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কায়েসুর রহমান ফকু বলেন, ‘উপজেলা প্রকৌশলী কার্যালয়ের পরিকল্পনা মতোই খাল খনন করছি। এগুলো সব মিথ্যা কথা। তবে ভেকু মেশিন দিয়ে খাল খনন করতে দু-একটি গাছ কাটা পড়েছে।’
আমতলী উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী বলেন, সেচ না দিয়ে রাতের আঁধারে খাল খননের খবর পেয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সঠিকভাবে কাজ না হলে ওই খাল আর খনন করা হবে না।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, বিষয়টি জেনে উপজেলা প্রকৌশলীকে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে