
বান্দরবানের লামা উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতারা ঐক্যের ভিত্তিতে অবৈধভাবে পাথর উত্তোলন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে হুমকির মুখে পড়ছে সেখানকার প্রাকৃতিক পরিবেশ। পাথর বিলীন হওয়ার কারণে নদী, খাল ও ঝিরি-ঝরনা শুকিয়ে খাওয়ার পানির তীব্র সংকটে পড়ছে পাহাড়িরা।
স্থানীয় সূত্রে জানা যায়, লামা উপজেলার সদর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড চিলেরতুয়া এলাকায় কাঁঠালছড়া চংবট ম্রোপাড়ার পশ্চিমে মুরুংঝিরি থেকে পাথর উত্তোলন করা হচ্ছে। আর উত্তোলিত পাথরগুলো ট্রাকে করে পাচার হচ্ছে বিভিন্ন এলাকায়। দিনের পর দিন পাথর উত্তোলনের ফলে গ্রীষ্ম মৌসুমে পানির সংকটে পড়ছে পাহাড়িরা।
লামার চংবট ম্রোপাড়ার বর্তমান কার্বারি মাংডং ম্রো বলেন, পাথর উত্তোলন হচ্ছে মাস দুয়েক আগে থেকে। কারা উত্তোলন করছেন, এ বিষয়ে মুখ খুলতে রাজি নন তিনি। পরে তিনি বলেন, ‘এই বিষয়ে কথা বললে আমি ঝামেলায় পড়ব, সবাই প্রভাবশালী।’
অভিযোগ উঠেছে, লামা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. মিরাজ, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জালাল আহম্মেদ হেন্জু, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. রাসেল ইসলাম, শহিদুল ইসলামসহ কয়েকজন মিলে অবৈধভাবে পাথর উত্তোলন করছেন। পাচারের জন্য স্তূপ করে রাখা হয়েছে প্রায় ২০ হাজার ঘনফুট পাথর। বাজারে প্রতি ঘনফুট (কংক্রিট) পাথর বিক্রি হয় ১৭০ থেকে ১৮০ টাকায়।
নাম প্রকাশে অনিচ্ছুক লামার কাঁঠালছড়া চংবট ম্রোপাড়ার এক ব্যক্তি বলেন, যেভাবে এখান থেকে পাথর উত্তোলন করে নিয়ে যাচ্ছে, তাতে ঝিরি ও ঝরনাতে আর পানি নেই।
এ ব্যাপারে অভিযুক্ত উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. মিরাজের কাছে জানতে চাইলে তিনি প্রথমে বিষয়টি অস্বীকার করেন। পরে বলেন, ‘পাথর উত্তোলন করছে বলে মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি। কে, কোথায় কী ব্যবসা করছে, তাতে সাংবাদিকেরা মাথা ঘামাবে কেন?’
এ বিষয়ে লামার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জালাল আহম্মেদ হেন্জু আজকের পত্রিকাকে বলেন, ‘গত বর্ষায় পাথর উত্তোলনের কারণে আমার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর মামলা করেছে। সেই মামলা চলমান। বর্তমানে আমি কোনো ধরনের পাথর উত্তোলন করছি না।’
জানা গেছে, বান্দরবান পার্বত্য জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদী এবং নদীর পার্শ্ববর্তী সংরক্ষিত বনাঞ্চলের ঝরনা, ঝিরি ও ছড়া থেকে পাথর উত্তোলন বন্ধে নির্দেশ দেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
বান্দরবান পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক মো. রেজাউল করিম বলেন, ‘আমাদের একটি টিম গেছে, শুনানি হয়েছে সম্ভবত। তারপরও পাথর উত্তোলন করলে আমি আবার যাব সেখানে।’
স্থানীয়রা জানান, অবৈধ পাথর উত্তোলনে তাঁরা বাধা দিতে পারছেন না, বাধা দিলে বিভিন্নভাবে হেনস্তা ও মারধরের শিকার হতে হয়।
এ বিষয়ে জেলার লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়েন দেব বলেন, অবৈধভাবে পাথর উত্তোলনের বিষয়টি জানা ছিল না। এ বিষয়ে অতি দ্রুত অভিযান পরিচালনা করা হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে