
ময়মনসিংহে চলন্ত ট্রেনে শারমীন আক্তার (২৪) নামের এক ভাসমান নারী সন্তান জন্ম দিয়েছেন। গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস ট্রেনে সন্তান ভূমিষ্ঠের ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে কল আসে—ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস ট্রেনে অন্তঃসত্ত্বা এক নারী আছেন। তিনি প্রসব ব্যথায় ভুগছেন। সঙ্গে সঙ্গে আমরা সকল প্রস্তুতি গ্রহণ করি।
একই সঙ্গে ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে কল পেয়ে অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হয়। ট্রেন ময়মনসিংহ স্টেশনে প্রবেশের কিছুক্ষণ আগে সন্তানটি ভূমিষ্ঠ হয় এবং ট্রেনটি স্টেশনে দাঁড়ায়। পরে অপর দুই নারী যাত্রীর সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা অ্যাম্বুলেন্সে তুলে ওই নবজাতক ও মাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যায়। সব শেষ খবর পাওয়া পর্যন্ত নবজাতক ও মা ভালো আছে।’
স্টেশনের একটি সূত্র জানায়, ওই নারী কমলাপুর স্টেশন থেকে মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস ট্রেনে ওঠেন। তাঁর সঙ্গে চার বছর বয়সী এক সন্তান ছিল। ট্রেন গফরগাঁও স্টেশন ছেড়ে এলে ওই নারীর তীব্র প্রসব ব্যথা ওঠে। পরে ওই ট্রেনে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী, বিজয় একাত্তর হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও একই হলের ডাকসুর নির্বাচিত সদস্য সোলায়মান হোসাইন রবি ওই নারীকে সার্বিক সহায়তা দিয়ে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন পর্যন্ত নিয়ে আসেন।
ঢাবি শিক্ষার্থী সোলায়মান হোসাইন রবি বলেন, ‘গতকাল রাতে ঢাকা-মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেসের ‘‘ট’’ বগিতে তীব্র প্রসব বেদনায় একজন প্রসূতি বোন কাতরাতে থাকেন। ওই সময় তাঁর পাশে কেউ না থাকায় বগি থেকে মহিলাদের ডেকে আনি এবং ডেলিভারি সম্পন্ন করার চেষ্টা করি। দীর্ঘ দেড় ঘণ্টার তীব্র বেদনা শেষে ট্রেনটি ময়মনসিংহ স্টেশনে প্রবেশের আগেই ফুটফুটে ছেলেসন্তান জন্ম দেন ওই বোন। ওই সময় পুরো স্টেশনে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। পরে দুই নারীর সহায়তায় অ্যাম্বুলেন্সে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে ভোর ৬টার দিকে বাচ্চাসহ তাঁর স্বামীকে নিয়ে চলে যান।’
নারীর স্বামীর বরাতে সোলায়মান হোসাইন আরও বলেন, ওই নারী কমলাপুর স্টেশনে ভিক্ষা করতেন এবং সেখানেই রাত কাটাতেন। আনুমানিক ৭ মাস আগে নারীর সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় তাঁকে ছেড়ে যান স্বামী সাগর। এর পর থেকে তাঁর স্বামীর সঙ্গে ওই নারীর কোনো যোগাযোগ ছিল না। ওই নারীর স্বামী সাগর ট্রেনে হকারি করেন।
ঢাবির ছাত্রদল নেতা সোলায়মান জানান, কাকতালীয় হলেও সত্য যে, ঘটনার সময় একই ট্রেনে ছিলেন ওই নারীর স্বামী সাগর। সাগর তাঁর চার বছরের মেয়েকে দেখতে পেয়ে জানতে চান, এখানে কীভাবে এল। মেয়েটি তার বাবাকে বিস্তারিত বলে। পরে নারীর স্বামী সাগর তাদের সঙ্গেই ছিলেন। সোলায়মান হোসেন বলেন, ওই নারী ও তাঁর স্বামী সাগরের বাড়ি কোথায়, স্পষ্ট করে কিছুই বলেনি। তবে এতটুকু বলেছে যে, তিনি জেলার মুক্তাগাছা উপজেলার মামাশ্বশুরের বাসায় নিয়ে যাবেন এবং তাঁদের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জে। তাঁদের কোনো মোবাইল নম্বর নেই। যে কারণে মোবাইল নম্বর রাখা সম্ভব হয়নি।
এদিকে, ওই নারীর মমেক হাসপাতালের ভর্তির স্লিপে ঠিকানা লেখা হয়েছে—তাঁর বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলায়।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের লিডার সাইফুল ইসলাম বলেন, ‘রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে সঙ্গে সঙ্গে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে স্টেশনে পৌঁছে যাই। তবে ওই নারী ট্রেনেই বাচ্চা জন্ম দেন। পরে দুই নারী যাত্রীর সহায়তায় তাঁকে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে পৌঁছে দিই এবং পুলিশের কাছে হস্তান্তর করে আমরা চলে আসি। শুনেছি, বাচ্চা ও মা দুজনই ভালো আছে।’

চন্দনাইশের ধোপাছড়ি ইউনিয়নের চিরিংঘাটা পয়েন্টে কয়েক দিন ধরে প্রকাশ্যে খননযন্ত্র (ড্রেজার) মেশিন বসিয়ে ব্যাপকভাবে বালু উত্তোলন করছে অসাধু ব্যক্তিরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোনো প্রকার সরকারি অনুমোদন ছাড়াই প্রতিদিন হাজার হাজার ঘনফুট বালু তুলে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।
৫ ঘণ্টা আগে
ঈদুল ফিতর সমাগত হলেও উত্তরাঞ্চলের কৃষকদের মনে নেই উৎসবের আনন্দ। আছে শুধু লোকসানের হিসাব আর অনিশ্চয়তার দীর্ঘশ্বাস। মাঠজুড়ে কষ্টে ফলানো আলুর ন্যায্য দাম না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন হাজারো কৃষক। উৎপাদন খরচ যেখানে কেজিতে ১৫-১৬ টাকা, সেখানে বাজারদর নেমে এসেছে ৯-১০ টাকায়; তা-ও মিলছে না ক্রেতা।
৬ ঘণ্টা আগে
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জে এম জাহিদ হোসেন বলেছেন, টাকার অভাবে শিক্ষা ও চিকিৎসাসেবা ব্যাহত হবে না। কেউ সংকটে পড়লে তা প্রশমনে ব্যবস্থা নেওয়া হবে। আজ বুধবার (১৮ মার্চ) বিকেলে বিরামপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
৭ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘নদীর কোল ঘেঁষে চাঁদপুর জেলা গড়ে উঠেছে। তাই খাল খননের পাশাপাশি নদীগুলো রক্ষা করতে হবে। নদী রক্ষা না হলে নদীর পাশের জেলাগুলো বিপদে পড়বে। আর এসব নদী থেকে পরিকল্পিতভাবে বালু উত্তোলন না করলে বসতি ভেঙে নদীতে যাবে।
৮ ঘণ্টা আগে