আবদুল্লাহ আল-মামুন ছিলেন অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক ও ঔপন্যাসিক।
আবদুল্লাহ আল-মামুন ১৯৪২ সালের ১৩ জুলাই জামালপুরের আমলাপাড়ায় জন্মগ্রহণ করেন। তবে তাঁদের পৈতৃক বাড়ি ছিল শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের মলামারি গ্রামে।
আবদুল্লাহ আল-মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর পেশাগত জীবন শুরু হয় বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক হিসেবে ১৯৬৬ সালে। আর ১৯৯১ সালে পরিচালক হিসেবে এখান থেকে অবসর নেন।
আবদুল্লাহ আল-মামুন একদিকে নিজের রচিত মৌলিক নাটকের নির্দেশনাসহ অভিনয় করেছেন, অন্যদিকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘কৃষ্ণকান্তের উইল’ ও রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ‘ঘরে-বাইরে’র নাট্যরূপ-নির্দেশনা-অভিনয়, উইলিয়াম শেক্সপিয়ারের বিশ্ববিখ্যাত নাটক ‘ওথেলো’ এবং অনূদিত নাটক ‘পুরানো পালা’র নির্দেশনাসহ অভিনয় করেছেন।
বাংলাদেশের মঞ্চনাটকের ইতিহাসে আবদুল্লাহ আল-মামুনের আরেকটি বড় অবদান হচ্ছে সৈয়দ শামসুল হক রচিত ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ শীর্ষক কাব্যনাটকের নির্দেশনা ও অভিনয়।
নাট্যসংগঠন ‘থিয়েটার’-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। দায়িত্ব পালন করেছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে।
আবদুল্লাহ আল-মামুন রচিত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে—সুবচন নির্বাসনে, এখন দুঃসময়, সেনাপতি, এখনো ক্রীতদাস, কোকিলারা, দ্যাশের মানুষ, মেহেরজান আরেকবার ইত্যাদি। শহীদুল্লা কায়সারের উপন্যাস ‘সংশপ্তক’ নিয়ে ধারাবাহিক নাটকের পরিচালক ও প্রযোজক হিসেবে তিনি ব্যাপক খ্যাতি ও প্রশংসা পেয়েছেন। ধর্মান্ধতার বিরুদ্ধে এক শৈল্পিক প্রতিবাদ হলো ‘মেরাজ ফকিরের মা’ নাটকটি। ভারত ও বাংলাদেশের বিভিন্ন জায়গায় ‘থিয়েটার’ নাট্য গ্রুপ প্রযোজিত নাটকটি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রেও আবদুল্লাহ আল-মামুন রেখেছেন অসামান্য মেধার স্বাক্ষর। তাঁর নির্মিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘সারেং বউ’, ‘সখী তুমি কার’, ‘দুই জীবন’, ‘বিহঙ্গ’, ‘পদ্মাপাড়ের দৌলতী’ প্রভৃতি। তিনি সাতটি উপন্যাস এবং ক্রিস্টোফার মার্লোর ‘ডক্টর ফস্টাস’ বাংলায় অনুবাদ করেন।
আবদুল্লাহ আল-মামুন ২০০৮ সালের ২১ আগস্ট মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ গত এক দশকে জেন্ডার-বৈষম্য কমাতে অগ্রগতি করলেও কন্যাশিশুদের অধিকার রক্ষায় বহুমাত্রিক চ্যালেঞ্জ রয়ে গেছে। গ্লোবাল জেন্ডার গ্যাপ সূচকে অবস্থান উন্নত হলেও শিশুবিবাহ, ধর্ষণ ও সহিংসতা বৃদ্ধি উদ্বেগজনক। প্রায় ৫১ শতাংশ মেয়ের ১৮ বছরের আগে বিয়ে হয়, যা তাদের শিক্ষা, দক্ষতা, সক্ষমতা...
৩ দিন আগে
১৯৭০-এর দশকের শেষ আর ১৯৮০-এর দশকের শুরুর দিকে পশ্চিম আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় বিকাশ হয় একটি সামাজিক নৃত্যের, যেটির নাম কিজোম্বা। দেশটির কিমবুন্দু ভাষায় কিজোম্বা শব্দের অর্থ হলো ‘পার্টি’ বা ‘উৎসব’।
৪ দিন আগে
বাংলা ভাষাভাষী অঞ্চলের একটি জনপ্রিয় লোকনৃত্য ঝুমুর নাচ। নাচটি বিশেষভাবে ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর এবং ঝাড়খন্ড, ওডিশা, আসাম অঞ্চলের চা-জনগোষ্ঠী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত। বাংলাদেশের কিছু সীমান্তবর্তী এলাকায়ও ঝুমুর নাচের প্রভাব দেখা যায়।
৫ দিন আগে
ব্যক্তিগতভাবে আমি মনে করি, ‘পদ্মা ব্যারাজ’ প্রকল্প একটি অত্যন্ত অপরিণত এবং অপরিকল্পিত সিদ্ধান্ত। পদ্মা ব্যারাজ নিয়ে আলোচনা করার আগে আমাদের আরও মৌলিক একটি বিষয় মোকাবিলা করা প্রয়োজন। ফারাক্কা ব্যারাজের কারণে বাংলাদেশ শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানি পায় না। চুক্তি সইয়ের পরও আমরা ধারাবাহিকভাবে...
১০ দিন আগে