ইঙ্গিতটা আগেই এসেছিল, কিন্তু করছি-করব বলে এত দিন করা হয়নি। বারবার মনে হচ্ছিল, কী লাভ? চলছে তো। ভেতর থেকে কোনো প্রেরণা পাচ্ছিলাম না। কিন্তু আসন্ন শীতের আগে প্রেরণা ও প্রণোদনা দুটিই পাওয়া গেল। ফলে কোনো কথা না বলে, কাকপক্ষীকে জানতে না দিয়ে, চন্দ্র-সূর্যকে সাক্ষী রেখে নিজের বডি ট্রান্সপ্ল্যান্ট করে নিলাম। এখন বেশ ঝরঝরে লাগছে। দৌড়াচ্ছিও বেশ। বয়স এক ধাক্কায় কমে গেছে প্রায় পাঁচ বছর। ন্যাজের কাছে যে দু-একটা পাকা চুল ছিল, সেগুলো দেখলাম কালো হয়ে গেছে। দাড়ি তো নেই, তবে গোঁফের সাদা অংশ হাপিস। চোখের ম্রিয়মাণ বুদ্ধিদীপ্ত আভা ফিরে এসেছে পুরোপুরি। বুকের কাছের পশমগুলো দেখলাম সেই ছোটবেলার রোঁয়ার মতো, কোমল। অর্থাৎ, পাঁচ বছর কমে গেছে বয়স। তবে একটা জায়গায় খচখচ করছে কিঞ্চিৎ। বলছি একটু পরেই।
এত দিন জাবনা খেয়ে চালাচ্ছিলাম শরীরটা। খারাপ না। ভুসি কমই জুটত। হলদেটে খড় আর ভাতের মাড়ই জুটত বেশি। ঘাস জোটে খুব কম। সেই কবে, যখন ছোট ছিলাম, শীতের সময় তখন ভীষণ বৃষ্টি হতো। বাঁশঝাড়ে প্রচুর সবুজ বাঁশপাতা পড়ে থাকত। সেগুলো খেতাম। এখন আর খাওয়া হয় না। বাঁশঝাড়গুলো চোখের সামনে শেষ হয়ে ভিটেবাড়ি হয়ে গেল। শীতের সময় পুরোনো পাটের তৈরি বস্তা দিয়ে আমাকে ঢেকে দেওয়া হতো। ওটা ছিল বছরান্তের ফ্যাশন শো। গেল পাঁচ বছরে, না, মানে দশ বছরে কত যে ফিল্ডিং মেরেছি ওই চটের বস্তার পোশাক পরে, তার কোনো হিসেব নেই। সেই জামা দেখেই তো পুব পাড়ার অস্ট্রেলিয়ান গাইয়ের বাছুরটা কাছে ভিড়েছিল। তারপর যা হলো! সে যাকগে।
বলছিলাম যে, খড়কুটো খেয়েই তো দিন যাচ্ছিল। তাই আর অন্য কিছু নিয়ে ভাবিনি। কিন্তু কাল যখন আমার মালিক আর মালকিন গভীর রাতে আলাপ করছিল, লম্বা বেগুন ৯২ টাকা কেজি, এক ফালি মিষ্টি কুমড়া ৪৫ টাকা, একমুঠো পালং শাক ৩০ টাকা। শুধু আলুরই দাম কম। তখন সিদ্ধান্তটা নিয়েই ফেলি। বেচারাদের নিজেদেরই যা অবস্থা, কোন দিন ফ্যানটুকুও বন্ধ হয়ে যায়! সে ভয়েই সিদ্ধান্তটা নিতে হলো। সিদ্ধান্তটা হলো, নিজের বডিটাকে ট্রান্সপ্ল্যান্ট করে নেওয়া। কষ্ট হয়েছিল বটে। কিন্তু মালিক সকালবেলা যখন পত্রিকা পড়ছিল তখন শুনেছি, সব সিএনজিচালিত গাড়িঘোড়া নাকি ডিজেলচালিত হয়ে গেছে। ভাবলাম, গাড়ির হাড় জিরজিরে ঘোড়া যদি বডি বদলে ফেলতে পারে, আমি কেন পারব না? আমি কোন দিকে কম আছি ওই হাড় জিরজিরে ঘোড়ার চেয়ে? তাই কোনো কথা না বলে, কাকপক্ষীকে জানতে না দিয়ে, চন্দ্র-সূর্যকে সাক্ষী রেখে ঘোড়ার হাড় জ্বালিয়ে কালা করে দিতে নিজের দশ বছরের বডিটাকে বদলে ফেললাম। তারপর থেকেই ফুরফুরে লাগছে।
কিন্তু ওই যে বললাম, একটি জায়গায় খচখচ করছে। হ্যাঁ, করছে। যখন আমার বাছুরটা হাম্বা করে আমাকে ডাকছে, তখনই মনে হচ্ছে, আমার বয়স হয়েছিল। এতবার চোখের ইশারায় বলেছি, অমন ডাকিসনে। বডি বদলে বয়স কমিয়েছি বলে জনে জনে বলে বেড়াবি? কে শোনে কার কথা!
এখন হাওয়া ঢুকছে ভর ভর করে। মজা লাগছিল আমার। কেমন সুড়সুড়ি অনুভূতি হচ্ছিল। একটু পরেই হাতুড়ি দিয়ে পিটিয়ে অনুভূতিকে পুঁতে দিয়েছি। এখন আরও ভালো লাগছে। ফুরফুরে লাগছে। সাদা চুলবিহীন ন্যাজ এখন এমনিতেই নড়ছে। কেন যে লোকে বলে, ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড—বুঝি না।

পুরোনো লোহার রেল সেতু চুরির পর এবার ভারতের বিহারে আস্ত একটি মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায়...
১ দিন আগে
টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন চীনের এক ব্যক্তি। সব প্রস্তুতি শেষে যখন ফ্ল্যাটটি বুঝে নেওয়ার সময় এল, তখনই ঘটল চরম বিস্ময়কর এক ঘটনা। ক্রেতা জানতে পারলেন, যে বহুতল ভবনের ৩৪তম তলায় তিনি ফ্ল্যাট কিনেছেন, পুরো ভবনটিই আসলে ৩২ তলা!
৬ দিন আগে
হলিউডের বিখ্যাত হরর চলচ্চিত্র ‘অরফ্যান’-এর গল্পের মতোই এক রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ব্রাজিলে। ১২ বছর বয়সী এক অটিস্টিক শিশুকে দত্তক নেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিল একটি পরিবার।
৬ দিন আগে
ভারতে এক যুবকের অদ্ভুত অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দাবি করা হচ্ছে, একটি রানি মৌমাছি তাঁর প্যান্টে বসে পড়ার পর হাজার হাজার মৌমাছি তাঁকে ঘিরে ফেলে। সম্ভাব্য বিপদের মুখে তিনি প্রায় ৩০ মিনিট সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন এবং শেষ পর্যন্ত কোনো হুলের আঘাত...
১৪ দিন আগে