১১ জুন শুরু ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হতে যাওয়া বিশ্বকাপে খেলছে ৪৮ দল। ‘বিশ্বকাপের দল' শীর্ষক এই ধারাবাহিকে কোন দল কেমন, সেটি তুলে ধরার প্রয়াস। আজকের পর্বে ক্রোয়েশিয়া

ইউরো ২০২৪-এর গ্রুপপর্ব থেকে ছিটকে পড়া, মাঝমাঠের অন্যতম স্তম্ভ মার্সেলো ব্রোজোভিচের অবসর—সব মিলিয়ে মনে করা হচ্ছিল, বলকানের পরাশক্তি ক্রোয়েশিয়ার সোনালি প্রজন্মের বুঝি এখানেই শেষ। তবে সব সংশয় উড়িয়ে দিয়ে কোচ জলাতকো দালিচ ২০২৬ বিশ্বকাপের পরিকল্পনা সাজাচ্ছেন সেই পুরোনো মুখগুলোর ওপর ভরসা রেখেই। ইউরোপীয় ফুটবলের তথাকথিত ‘ড্যাডস আর্মি’ (বুড়োদের দল) হিসেবে পরিচিত ক্রোয়েশিয়া আরও একবার বিশ্বমঞ্চে সামর্থ্য জানান দিতে সম্পূর্ণ প্রস্তুত।
বাছাইপর্বে গ্রুপ ‘এল’-এর শীর্ষে থেকে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপের মূল পর্বের টিকিট কেটেছে ক্রোয়েশিয়া। পুরো টুর্নামেন্টে তারা অপরাজিত ছিল, যেখানে আট ম্যাচের সাতটিতেই জয় আর একটিতে ড্র। প্রতিপক্ষের জালে ২৬ গোল দেওয়ার বিপরীতে গোল হজম করেছে মাত্র ৪টি। অবশ্য চেক প্রজাতন্ত্র, মন্টেনেগ্রো কিংবা ফ্যারো আইল্যান্ডসের মতো দলগুলো বলকানদের সামনে তেমন কোনো শক্ত প্রতিরোধই গড়ে তুলতে পারেনি।
পুরো বাছাইপর্বে ক্রোয়েশিয়ার আক্রমণভাগ সামলেছেন অভিজ্ঞরাই, যার প্রমাণ মেলে গোলদাতাদের তালিকায়। দলের হয়ে সর্বোচ্চ ৬ গোল এসেছে ফরোয়ার্ড আন্দ্রে ক্রামারিচের পা থেকে, আর ইভান পেরিসিচ করেছেন ৪ গোল।
ক্রোয়েশিয়ার খেলার মূল ব্যাকরণই হলো বলের দখল রেখে ম্যাচের গতি ঠিক করা। মাঠজুড়ে অতিরিক্ত দৌড়াদৌড়ির চেয়ে নিখুঁত পাসিং ফুটবলেই সবচেয়ে বেশি স্বচ্ছন্দ তারা। আর এই কৌশলের কেন্দ্রবিন্দুতে আছেন ৪০ বছর বয়সী অধিনায়ক লুকা মদরিচ। এসি মিলানের এই মিডফিল্ডার ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলতে মাঠে নামার অপেক্ষায় আছেন। বর্তমানে দেশের হয়ে ১৯৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা মদরিচের সামনে বিশ্বকাপেই ২০০ ম্যাচের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। গত অক্টোবরে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচেও ক্রোয়েশিয়ার উপরিভাগের ছয় খেলোয়াড়ের মধ্যে চারজনেরই বয়স ছিল ৩৪ বছরের ওপরে। মদরিচ ছাড়া ইভান পেরিসিচ ও আনতে বুদেমির সেই বয়স্ক ফুটবলারদের অন্যতম। এ ছাড়া মাঝমাঠে ৩২ বছর বয়সী মাতেও কোভাচিচ ফিট থাকলে শুরুর একাদশে থাকা নিশ্চিত।
তবে কেবল অভিজ্ঞদের ওপরই অন্ধ ভরসা রাখছেন না দালিচ। ২২ বছর বয়সী দুই প্রতিভাবান মিডফিল্ডার পেতার সুসিচ ও মার্টিন বাতুরিনাকে নিয়ে বড় স্বপ্ন দেখছে বলকানরা। পাশাপাশি রক্ষণভাগ নিশ্ছিদ্র করতে দলে ডাক পেয়েছেন ১৮ বছর বয়সী তরুণ ও সম্ভাবনাময় সেন্টারব্যাক লুকা ভুশকোভিচ।
১৯৯২ সালে ফিফার পূর্ণ সদস্যপদ পাওয়ার পর গত আট বিশ্বকাপের সাতটিতেই অংশ নিয়েছে ৪০ লাখের কম জনসংখ্যার এই ছোট দেশটি। এর মধ্যে একবার রানার্সআপ (২০১৮) এবং দুবার (১৯৯৮ ও ২০২২) তৃতীয় হয়েছে তারা। ১৭ জুন ডালাস স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করবে ক্রোয়েশিয়া। গ্রুপপর্বে তাদের বাকি দুই প্রতিপক্ষ পানামা ও ঘানা। এবার আর আন্ডারডগ নয় তারা।

ক্রোয়েশিয়ান ফুটবলের এক জীবন্ত কিংবদন্তি জলাতকো দালিচ জাতীয় দলের ইতিহাসের সবচেয়ে সফল ম্যানেজার। ২০১৭ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি দলকে এক বিশ্বকাপে ফাইনাল ও আরেক বিশ্বকাপে সেমিফাইনালে নিয়ে গেছেন। তাঁর এই সাফল্য যে অপ্রত্যাশিত ছিল, তা বললেও কম বলা হয়। ২০২৪ ইউরোর গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়ার পর তিনি দায়িত্বে থাকবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল, তবে তিনি এখনো নিজের পদে বহাল আছেন। এবং তাঁর এই অভিজ্ঞ দলটিকে নিয়ে উত্তর আমেরিকায় নেতৃত্ব দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত।

ক্রোয়েশিয়া তো বটেই, ফুটবলের ইতিহাসেই অন্যতম সেরা মিডফিল্ডার লুকা মদরিচ। ১৯৮৫ সালে জন্ম নেওয়া এই তারকা রিয়াল মাদ্রিদের হয়ে রেকর্ডসংখ্যক ট্রফি জিতেছেন। তবে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় গৌরব জাতীয় দলের হয়ে। ২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে তুলে তিনি ব্যালন ডি’অর জয় করেন এবং ২০২২ বিশ্বকাপেও দলকে সেমিফাইনালে নিয়ে যান। বয়স ৪০ ছুঁই ছুঁই হলেও তাঁর খেলায় জৌলুশ কমেনি। অভিজ্ঞতার মেলবন্ধনে এখনো তিনি মাঠের প্রধান চালিকাশক্তি। ২০২৬ বিশ্বকাপেও কোচ দালিচের সবচেয়ে বড় ভরসা তিনি।
র্যাঙ্কিং: ১১
সেরা সাফল্য: রানার্সআপ (২০১৮)
অংশগ্রহণ: ৭
অঞ্চল: ইউরোপ
ডাকনাম: ব্লেজার্স
বিশ্বকাপে
ম্যাচ ৩০ জয় ১৩ ড্র ৮ হার ৯
১৭ জুন ইংল্যান্ড ডালাস রাত ২টা
২৪ জুন পানামা টরন্টো ভোর ৫টা
২৭ জুন ঘানা ফিলাডেলফিয়া রাত ৩টা

ইংলিশ কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে রাজকীয় অভিষেক হলো বাংলাদেশি পেসার হাসান মাহমুদের। ব্ল্যাকপুলে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়ে নিজের প্রথম ম্যাচেই কেন্টকে ১৪০ রানের বিশাল জয় এনে দিয়েছেন তিনি। পুরো ম্যাচে ১০১ রান খরচায় হাসান একাই শিকার করেছেন ৯ উইকেট, যা তার প্রথম শ্রেণির ক্রিকেটে
১৫ মিনিট আগে
চলতি শতাব্দীতে জার্মানির বাইরে কেবল দুটি দল বিশ্বমঞ্চে এক ম্যাচে সাত বা তার বেশি গোল দেওয়ার স্বাদ পেয়েছে—২০১০ বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিপক্ষে পর্তুগাল (৭-০) এবং ২০২২ কাতার বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে স্পেন (৭-০)।
৩৬ মিনিট আগে
মাঠে বল গড়ানোর আগে দুই কোচের বয়সের বিশাল ব্যবধান নিয়ে আলোচনা হয়েছিল ঢের। তবে মাঠের লড়াই শুরু হতেই জার্মানি ও কুরাসাওয়ের মধ্যকার ফুটবলীয় দূরত্বের ব্যবধানটাই ফুটে উঠল স্পষ্ট। ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই নবাগত কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে বিধ্বংসী সূচনা করেছে ইউলিয়ান নাগেলসমানের দল।
২ ঘণ্টা আগে
কুরাসাও হয়তো মানচিত্রে ছোট, কিন্তু কোমেনেনসিয়ার হাত ধরে তাদের ফুটবলের আকাশটা আজ সীমানাহীন। জার্মানির কাছে ম্যাচটিতে হয়তো শেষ পর্যন্ত তারা হারতে পারে, কিন্তু প্রথমবার বিশ্বকাপে নেমেই গোলের যে অনাবিল আনন্দে ভাসল দ্বীপরাষ্ট্রটি, তার জন্য যে ভাগ্যের ছোঁয়া লাগে—সেই ভাগ্যটা নিজের সাহসের জোরেই ঠিকঠাক কাজে
২ ঘণ্টা আগে